লন্ডনে পাল্টাপাল্টি বিক্ষোভ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২০:২৫
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইসলাম বিরোধী এবং বর্ণবাদ ও ফ্যাসিবাদ বিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভের ঘটনায় অন্তত ১৬৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার পূর্ব লন্ডনের মুসলিম অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটসের কাছে এ ঘটনা ঘটে। চরম ডানপন্থি ইংলিশ ডিফেন্স লিগের (ইডিএল) প্রায় ৫শ’ সদস্যের একটি দল ইসলাম বিরোধী মিছিল নিয়ে লন্ডনের সবচেয়ে বড় মুসলিম অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটসের দিকে যাওয়ার চেষ্টাকালে পুলিশ বাধা দেয়। এ সময় ইডিএলের নেতা টমি রবিনসনসহ ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই সময় প্রায় হাজারখানেক মানুষ বর্ণবাদ ও ফ্যাসিবাদ বিরোধী একটি মিছিল নিয়ে টাওয়ার ব্রিজ এলাকায় ইডিএল’র মিছিল যেখানে শেষ হওয়ার কথা সেদিকে যেতে চাইলে তাতেও বাধা দেয় পুলিশ। এখান থেকে আরো ১শ’ ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিরোধী এই দুইপক্ষকে পরস্পর থেকে দূরে রাখতে টাওয়ার হ্যামলেটস এলাকা ও সংলগ্ন টাওয়ার ব্রিজ এলাকায় প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, অনেককে আটক করা হলেও বড় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। ইডিএলের মিছিল আটকানোর জন্য টাওয়ার হ্যামলেটস’র স্থানীয় এমপি পুলিশকে চিঠি দিয়েছিলেন বলেও জানান তিনি। ২০১১ সালে টাওয়ার হ্যামলেটে ইডিএল, পুলিশ ও ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিলো। এ বছর মে মাসে দক্ষিণ লন্ডনের রাস্তায় বৃটিশ সৈন্য লি রিগবাই হত্যাকাণ্ডের পর থেকে ইডিএল ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে আবারো উত্তেজনার সৃষ্টি হয়। এই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক দু’জনই বৃটিশ মুসলিম। নভেম্বরে তাদের বিরুদ্ধে আদালতে শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।