সোমালিয়ায় ১০ লাখ শিশুকে স্কুলে পাঠাতে বিশেষ পদক্ষেপ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২০:২৮
যুদ্ধবিধ্বস্ত সোমালিয়ায় ১০ লাখ শিশুকে স্কুলে পাঠানোর লক্ষ্যমাত্রা পূরণে একটি জনসচেতনতামূলক কর্মসূচি রোববার চালু হচ্ছে। — খবর এএফপির জাতিসংঘের শিশু সংস্থা জানায়, উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রদেশ সোমালিল্যান্ড ও পুন্টল্যান্ডের দু’টি প্রধান নগরী হারগেইসা ও গারোবি এবং রাজধানী মোগাদিসুতে স্বতঃস্ফূর্তভাবে ‘গো টু স্কুল’ নামের এ কর্মসূচি চালু হচ্ছে। এ কর্মসূচি আগামী তিন বছর ধরে চলবে। এর উদ্দেশ্য বর্তমানে শিক্ষা ব্যবস্থার বাইরে থাকা ছেলে-মেয়েদের এক-চতুর্থাংশকে শিক্ষার আলোয় আলোকিত করা। কর্মসূচির জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৭০ লাখ ডলার। কর্মসূচির আওতায় রয়েছে বিদ্যালয় নির্মাণ ও সংস্কার, শিক্ষক নিয়োগ এবং বয়স্ক ছেলে-মেয়েদের জন্য কারিগরি ও রাখাল সমপ্রদায়ের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ। আফ্রিকার শিং নামে খ্যাত সোমালিয়ায় শিশুদের স্কুলে যাওয়ার হার বিশ্বের মধ্যে সর্বনিম্ন। দেশটিতে প্রতি ১০ জন শিশুর কেবল একজন স্কুলে যায়।