নবাগতা জানভী তার অভিনয় ক্যারিয়ার শুরু করলেন দুই জনপ্রিয় অভিনীয়শিল্পীর সহশিল্পী হিসেবেই। গত ২৮ থেকে ৩০ তারিখে শুটিং হয় ‘আমি তুমি সে’ শিরোনামের টেলিফিল্মটি। এই টেলিফিল্মে তিনি অভিনয় করেন চিত্রনায়ক আমিন খান ও ছোটপর্দার অন্যতম ব্যস্ত অভিনেতা আহসান হাবিব নাসিমের সঙ্গে। আর এই টেলিফিল্মটিই জানভীর প্রথম অভিনীত কোনো প্রোডাকশন। অভিনয় প্রসঙ্গে জানভী বলেন, ‘মূলত আমি এতদিন পেশায় একজন এয়ার হোস্টেজ ছিলাম। ছোটবেলা থেকেই অভিনয়ের অনেক ইচ্ছে ছিল। এবার পরিচালক তাজু কামরুল ভাইয়ের হাত ধরে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। একই পরিচালকের আরও একটি টেলিফিল্মের কাজ করব খুব শীঘ্রই। দেখি, দর্শকরা যদি আমাকে সুন্দরভাবে গ্রহণ করে তাহলে আমি অভিনয়ে নিয়মিত হবো। আর যদি তারা আমাকে গ্রহণ না করে তাহলে আগের পেশাতেই ফিরে যাব। তবে ইচ্ছে আছে রোমান্টিক ধাঁচের চরিত্রে অভিনয় করার। এই চরিত্রের প্রতি আমার অন্যরকম দুর্বলতা রয়েছে। দেখি সবার দোয়া নিয়ে কাজ দিয়ে এগিয়ে যেতে চাই।’
