হেফাজতের হাত ধরে কোন সরকার ক্ষমতায় আসলে দেশে নারী উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, নারীকে উন্নয়নের মূল ধারায় আনতে সরকার বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নারী উন্নয়ন নীতি বাস্তবায়নে কর্মপরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় না এলে এই উন্নয়নের ধারা বাধাগ্রস্ত হবে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত দুইদিনব্যাপী শিশু ও নারী বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সোমবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পিআইবির মহাপরিচালক শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু ও সেভ দ্যা চিল্ড্রেন-এর ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর কাজী এমদাদুল হক প্রমুখ।
