অবশেষে আজ শুরু প্রিমিয়ার লিগ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
জাতীয় দলের সাবেক পেসার মোহাম্মদ শরীফ তখন বিকেএসপির কাছাকাছি; আজকের ম্যাচ উপলক্ষে গতকালই চলে গেছেন ভেন্যুতে। কিন্তু ফোনে শরীফের কণ্ঠে হতাশাটা টের পাওয়া গেল, ‘এখানে তো প্রচন্ড বৃষ্টি। খেলা কাল (আজ হবে কি না, বুঝতে পারছি না।’ বিকেএসপিতে কাল বৃষ্টি থাকলেও রাজশাহী বা বগুড়ায় রোদের দেখা মিলেছে সারাদিনই। তারপরও তিন ভেন্যুতেই বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে ২০১২-১৩ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ। আজ লিগের প্রথম দিনে তিনটি ম্যাচ হবে। বিকেএসপির দুই নম্বর ভেন্যুতে ভিক্টোরিয়া ও কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি, বগুড়ায় গাজী ট্যাংক ও খেলাঘর এবং রাজশাহীতে প্রাইম ব্যাংক ও ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে আজ প্রথম দিনের লড়াইয়ে। বৃষ্টিকে মাথায় রেখেই প্রতিটি ‘ম্যাচ ডে’র পরদিন রাখা হয়েছে ‘রিজার্ভ ডে’। আজ বৃষ্টিতে খেলা স্থগিত হলে আগামীকাল ঠিক সেখান থেকেই শুরু হবে খেলা। বৃষ্টি হোক, বাদল হোক; এতো সমস্যার ঝড়ঝঞ্জা পার হয়ে প্রিমিয়ার লিগ যে শেষ পর্যন্ত শুরু হচ্ছে, এটা ঘরোয়া ক্রিকেটের জন্য বড় সুখবর। গত মার্চ মাসে শুরু হওয়ার কথা ছিল এই লিগ। সেই সময় জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়া যাবে না বলে প্রথম ক্লাবগুলো খেলা পেছানোর দাবি করে। এরপর দলবদল নিয়ে জটিলতা, লটারির নিয়ম প্রণয়ন, তাতে খেলোয়াড়দের আপত্তি ও আন্দোলন, ক্লাবগুলোর নানান যুক্তি; এক এক দফা এক এক কারণে পিছিয়েছে লিগ। কার্যত এই করতে করতে ২০১২-১৩ মৌসুমও শেষ হয়ে গেছে। ফলে কাগজে কলমে গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ হয়নি। তারপরও ২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুমের খেলা এই একই মৌসুমে করার প্রতীজ্ঞা নিয়ে গতবারের লিগটা শুরু করতে যাচ্ছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)। তারা এর মধ্যে জানিয়েও দিয়েছে, যে লটারির দলবদল নিয়ে এতো কথা, এতো আপত্তি; সেটাও এই মৌসুমের পর আর থাকবে না। তবে সে ক্ষেত্রে তারকা খেলোয়াড়রা নিজেদের উচ্চ চাহিদা কমিয়ে আনবেন বলে আশা করে সিসিডিএম। ভবিষ্যতে কী হবে, সেটা সময় বলে দেবে। আজ থেকে শুরু হবে সেই সুদুর ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানের জন্য লড়াই। যদিও লটারির দলবদলের কারণে এবার শীর্ষস্থানীয় পাচ-ছয়টি ক্লাবের শক্তি খুব কাছাকাছি হয়েছে। তারপরও দু তিনটি দলকে শক্তির কারণে শিরোপার লড়াইয়ে ফেবারিট বলে চিহ্নিত করা যাচ্ছে। সেই ফেবারিটদের শীর্ষে থাকা কলাবাগান ও শেখ জামাল পরষ্পরের মুখোমুখি হবে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ দিনে; মানে ১২ সেপ্টেম্বর। আজ যে তিনটি ম্যাচ হতে যাচ্ছে, এর মধ্যে রাজশাহীর ম্যাচটিতে সবচেয়ে বেশি আগ্রহ থাকার কথা। তামিম ইকবালের ব্রাদার্স ও জিয়া-এনাম-ডলারদের প্রাইম ব্যাংক মুখোমুখি হতে যাচ্ছে। স্বভাবতই এই ম্যাচে এগিয়ে আছে ব্রাদার্স ইউনিয়ন। তারকা খচিত এই দলের বিপক্ষে জয় পেতে গেলে একরকম অঘটনই ঘটাতে হবে প্রাইম ব্যাংককে। দলটির খেলোয়াড়রা অবশ্য সে ব্যাপারে খুব আত্মবিশ্বাসী। বিকেএসপিতে ভিক্টোরিয়া ও কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির ম্যাচে নাসির হোসেন, এনামুল হক বিজয়দের ভিক্টোরিয়াই এগিয়ে থাকবে। তবে দারুন ফর্মে থাকা মার্শাল আইয়ুবদের অ্যাকাডেমি দলকে খুব ‘আন্ডারডগ’ বলার সুযোগ নেই। এ দুটি ম্যাচে মোটামুটি লড়াইয়ের আভাষ থাকলেও তারকাখচিত গাজী ট্যাংকের বিপক্ষে কলাবাগানের ম্যাচ জেতার মতো লড়াই করাই কঠিন হবে। তারপরও খেলাটা শেষ পর্যন্ত মাঠে হবে। আর মাঠের লড়াইই ঠিক করবে। প্রথম ম্যাচের হাসিটা কোন কোন দল হাসবে। আজকের খেলা: ভিক্টোরিয়া স্পোর্টিং—কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি (বিকেএসপি) গাজী ট্যাংক—খেলাঘর (বগুড়া) প্রাইম ব্যাংক ও ব্রাদার্স ইউনিয়ন (রাজশাহী)