আর্জেন্টিনার হয়ে কোনো গোলরক্ষকের সর্বোচ্চ টানা ২৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের সমকক্ষ হওয়ার লক্ষ্য নিয়ে সের্জিও রোমেরো আজ মঙ্গলবার (বাংলাদেশে বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে) প্যারাগুয়ের মাঠে নামবেন। আর্জেন্টিনা এ খেলাটিতেই ব্রাজিলের টিকেট নিশ্চিত করতে চায়।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার মতোই ২৬ পয়েন্টে থাকা কলম্বিয়ায়ও তাই করতে পারবে স্বাগতিক উরুগুয়ের সাথে ড্র করতে পারলে। তৃতীয় স্থানে থাকা চিলির অবশ্য এ প্রান্তিকে খেলা নেই। এ অঞ্চল থেকে শীর্ষ চারটি দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। আর পঞ্চম দলটির চূড়ান্ত পর্বে যাওয়া নির্ভর করবে এশিয়ার একটি দলের সাথে প্লে-অফ ম্যাচের পর। কোচ দিয়াগো ম্যারাডোনার অধীনে ২০১০ সালে অভিষেক নেয়া রোমেরো চাইবেন এ খেলায় অপরাজিত থেকে সের্জিও গয়কচিয়ার আগের রেকর্ডটির সমকক্ষ হতে। আর্জেন্টিনার হয়ে টানা ২৬ ম্যাচে অপরাজিত ছিলেন গয়কচিয়া। গত মাসে রোমে ইতালির বিপক্ষে ২-১ গোলে জয়ী প্রীতি ম্যাচটিতে খেলতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, স্ট্রাইকার সের্জিও আগুয়েরো এবং রোমেরো। তিনজনকেই প্যারাগুয়ের বিপক্ষে আজকের ম্যাচে দেখা যাবে। এ খেলাটিতে জিতলেই ব্রাজিলে আগামি বছর অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়ে যাবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে এ অঞ্চলের অপর তিনটি খেলা আর্জেন্টিনা প্যারাগুয়ে ম্যাচটির আগে হবে বলে সে খেলাগুলোর ফলাফলের উপর ভিত্তি করে শীর্ষ চারের মধ্যে থাকার সুবাদে একই লক্ষ্য পূরণ হতে পারে মেসিদের।
উরুগুয়ে বর্তমানে পঞ্চম স্থানে আছে। তাদের দুই লেগের প্লে অফ খেলতে হবে এশিয়ার দুই দল উজবেকিস্তান ও জর্দানের মধ্যকার বিজয়ীদের সাথে।
