স্বল্প সুদে এসএমই ঋণ পাবেন প্রতিবন্ধী উদ্যোক্তারা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২০:২০
দৃষ্টি প্রতিবন্ধীসহ অন্য শারীরিক প্রতিবন্ধী উদ্যোক্তারা এখন থেকে বিশেষ বিবেচনায় ঋণ পাবেন। এসব উদ্যোক্তাদের অর্থনীতির মূল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল থেকে ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ কর্মসূচি শুরু হলে দেশে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম হবে। নতুন এ কর্মসূচি শুরু করতে ক্ষুদ্র উদ্যোক্তা খাতে পুনঃঅর্থায়ন স্কীম ‘বাংলাদেশ ব্যাংক ফান্ড’ নীতিমালায় কিছু সংশোধন আনা হচ্ছে। এতে নারী উদ্যোক্তাদের ন্যায় প্রতিবন্ধী এসএমই উদ্যোক্তারা সর্বোচ্চ ১০ শতাংশ সুদহারে ঋণ পাবেন। তাদের ঋণসীমা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী এ বিষয়ে বলেন, ‘প্রতিবন্ধী উদ্যোক্তাদের অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করতে তাদেরকে ঋণ সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে পুনঃঅর্থায়ন তহবিল নীতিমালায় কিছুটা সংশোধন আনা হচ্ছে। তারা এই তহবিলের আওতায় সহজ শর্তে ঋণ পাবেন।’ শিগগিরই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি । উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের এসএমই ঋণ পুনঃঅর্থায়ন স্কীমের আওতায় ৭২৬ কোটি টাকার একটি তহবিল রয়েছে। এ তহবিল থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যাংক রেট (৫ শতাংশ) সুদহারে পুনঃঅর্থায়ন সুবিধা নেয়। বাণিজ্যিক ব্যাংকগুলো আবার সর্বোচ্চ ১০ শতাংশ সুদহারে এসএমই উদ্যোক্তাদের ঋণ দিয়ে থাকে।