গুয়েতেমালায় বাস খাদে ৪৪ জন নিহত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:০০
গুয়াতেমালার প্রত্যন্ত এলাকায় পাহাড়ি পথের বাঁক থেকে বাস খাদে পড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে ছয়টি শিশু ও ১২ জন নারী রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৪০ জন। সোমবার দেশটির রাজধানী গুয়াতেমালা সিটি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমের সান মার্টিন জিলোতেপেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করার কারণে বাঁকে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে ধারণা করা হচ্ছে। বাসটি রাস্তা থেকে প্রায় ২শ’ মিটার (৬৬০ ফুট) নিচে পড়ে যায়। স্থানীয় দমকল বাহিনীর মুখপাত্র মারিও ক্রুজ জানিয়েছেন, ৫৪ জন ধারণক্ষমতার বাসটিতে প্রায় ৯০ জন যাত্রী ছিল। উদ্ধারকারীরা জানিয়েছেন, অনেক উঁচু থেকে পড়ায় বাসটি বিধ্বস্ত হয়ে গেছে। বাসটি ছিমালটেনানগো থেকে সান মার্টিন জিলোতেপেক যাচ্ছিল বলে জানিয়েছে বিবিসি। দুর্ঘটনাস্থলেই ৩৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক দমকল কর্মীরা। হাসপাতালে নেয়ার পর আরো ছয়জন মারা যায় বলে জানিয়েছেন কর্মীরা। এই দুর্ঘটনার জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।