ভারতীয় লেখিকা সুস্মিতা ব্যানার্জি (৪৯) হত্যা মামলায় আফগান পুলিশ দুই জঙ্গিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা এ খবর জানান। গত বুধবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকতিকা প্রদেশে তার স্বামীর বাড়িতে কতিপয় মুখোশ পরিহিত বন্দুকধারীদের গুলিতে নির্মমভাবে নিহত হন সুস্মিতা। এর পরপরই পুলিশ এ হত্যাকাণ্ডের তদন্তে নামে।— খবর টাইমস অব ইন্ডিয়ার।
পাকতিকা গভর্নরের মুখপাত্র মোখলিস বার্তা সংস্থা এএফপিকে বলেন, গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা আরো বলেছে, লেখিকার বই থেকে যে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে, তাতে তালেবানের অমর্যাদা করা হয়েছে। আর এ থেকে নির্দেশপ্রাপ্ত হয়েই আমরা তাকে হত্যা করেছি। তারা আরো বলে যে সুস্মিতা তার বাড়িতে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ভারতের জন্য গোয়েন্দাগিরি করতো। এসব কারণ মিলিয়েই আমরা তাকে হত্যা করতে বাধ্য হই।
