ফিলিপাইনে সেনা-মুসলিম বিদ্রোহী সংঘর্ষে নিহত ৬

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:০১
ফিলিপাইনের মিন্দানাওয়ের জামবুয়াঙ্গা শহরে গত সোমবার সেনাবাহনী ও মুসলিম বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। সংঘর্ষ গড়িয়েছে গতকাল মঙ্গলবার পর্যন্তও। এ সময় প্রায় ১২ জন বেসামরিক নাগরিক আটকা পড়েছে বা বিদ্রোহীদের হাতে জিম্মি রয়েছে।— খবর বিবিসির। মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের (এমএনএলএফ) একটি অংশ সোমবার সকালের দিকে শহরে প্রবেশ করলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। গতকালও শহরের বিভিন্ন স্থানে গোলাগুলির শব্দ শোনা গেছে। বেসামরিক লোকজন গোলাগুলি চলছে এমন এলাকা থেকে সরে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে শত শত সেনা মোতায়েন করা হয়েছে শহরে। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন এমএনএলএফ’র সদস্যরা তাদের পতাকা জামবুয়াঙ্গা শহরের মিলনায়তনে উত্তোলন করতে চেয়েছিল। এমএনএলএফ’র এক মুখপাত্র ফিলিপাইনের ইনকুইরার পত্রিকাকে জানিয়েছে, তাদের কাছে ৩৫ জন বেসামরিক নাগরিক জিম্মি রয়েছে। সড়কের পাশ থেকে তাদেরকে আমরা ধরে নেই, যাতে সৈন্যরা আমাদের দেখামাত্র গুলি করতে না পারে। যদিও শহরের মেয়র ইসাবেলে ক্লিমাকে-সালাজার গতকাল সকালে দাবি করেন প্রায় ১৭০ জনের মত মানুষ এখনো বিদ্রোহীদের কাছে জিম্মি রয়েছে।