ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান শান্তি আলোচনা এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি । গত রবিবার সন্ধ্যায় লন্ডনের রিটজ কার্লটন হোটেলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাত্কালে কেরি এ কথা বলেন।
গত মাসে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি আলোচনা শুরুর পর আব্বাস ও কেরির মধ্যে প্রথমবারের মতো এ বৈঠক অনুষ্ঠিত হলো। উভয় নেতা তিন ঘন্টা একান্তে বৈঠক করেন। বৈঠকের আগে তাদেরকে হাস্যজ্জ্বোল ও এক অপরের সঙ্গে ঠাট্টা-তামাশা করতে দেখা গেছে। মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান বৈঠক নিয়ে আলোচনা করেছেন। কিভাবে এ আলোচনা আরো গতিশীল ও সফল করা যায় তা নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী শান্তি প্রতিষ্ঠায় উপযোগী পরিবেশ সৃষ্টিতে উভয়পক্ষের পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্ব এবং চলমান আলোচনায় যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। কেরি গত ফেব্রুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে ব্যাপক দৌড়ঝাঁপ শুরু করেন। এ লক্ষ্যে গত চার মাসে তিনি ছয়বার ইসরাইল ও ফিলিস্তিন সফর করে উভয়পক্ষের দূতদের সঙ্গে বৈঠক করেন। এরই ফলশ্রুতিতে গত মাসে উভয় দেশের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু হয়েছে।
