কোচ লুই ফিলিপ স্কোলারি জানিয়েছেন পর্তুগালের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে নামার আগে ব্রাজিল কনফেডারেশন্স কাপের ছন্দে ফিরতে পেরেছে। পর্তুগীজ ভাষাভাষি এ দুটি দেশের মধ্যকার আজ বুধবারের খেলাটির প্রাক্কালে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ সময় সকাল ৭টায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মাটিতে মুখোমুখি হচ্ছে দেশ দুটি। বোস্টনের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাটি। এ খেলাটিতে মাঠে থাকবেন দুই কিংবদন্তি পর্তুগালের ইউসেবিও ও ব্রাজিলের পেলে।
ব্রাজিলের বিরুদ্ধে খেলাটিতে পর্তুগালের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো খেলবেন না। রিয়াল মাদ্রিদের এই তারকার দ্বিতীয়ার্ধের হ্যাটট্রিকে পর্তুগাল বিশ্বকাপের ইউরোপীয় বাছাইয়ে উত্তর আয়ারল্যান্ডের সাথে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতেছিল। রোনালদো না খেললেও ব্রাজিল প্রহরী জুলিও সিজার বলেছেন, ‘পর্তুগীজ জাতীয় দল মানে শুধু রোনালদো নয়। পর্তুগীজ জাতীয় দল খুবই শক্তিশালী এবং আমাদের সমীহ দাবি করে। সব মিলিয়ে এটা হবে অসাধারণ এক খেলা।
আগামী বছর অনুষ্ঠেয় বিশ্বকাপের স্বাগতিক ব্রাজিল সাম্প্রতিক সময়ে ইনজুরির কারণে সমস্যায় পড়লেও গত শনিবার ব্রাসিলিয়ায় নিজেদের মাঠে অস্ট্রেলিয়াকে ৬-০ গোলে হারায়। নইলে এর আগে গত মাসে সুইজারল্যান্ডের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল স্কোলারির দল। সর্বসাম্প্রতিক জয়টি প্রসঙ্গে স্কোলারি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বলেন, ‘৬-০ দারুণ। আমরা খুবই ভাল ছন্দে খেলেছি। এটাকে প্রীতি ম্যাচ বলে মনে হয়নি, দলটি কনফেডারেশন্স কাপের মতো খেলেছে। এই ছন্দ নিয়েই আমরা বোস্টনে পর্তুগালের বিরুদ্ধে খেলতে যাচ্ছি।’ স্ট্রাইকার জো ইনজুরির কবলে থাকা ফ্রেড এর জায়গায় খেলার সুযোগ পেয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলাটিতে দুই গোল দেন। ওই খেলায় স্কোলারি রিজার্ভ বেঞ্চের বেশ কয়েকজনকে মাঠে নামার সুযোগ দেন। মিডফিল্ডার র্যামিরেসকে জুনে অনুষ্ঠিত কনফেডারেশন্স কাপে উপেক্ষা করলেও চেলসি খেলোয়াড়টির এদিনের খেলায় মুগ্ধ হন ব্রাজিল কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে খুবই ক্ষিপ্র খেলোয়াড়। সে আক্রমণের সময় উপরে উঠে আসে এবং ১০ সেকেন্ডের মধ্যেই আবার নিজের জায়গায় ফিরে গিয়ে খেলোয়াড় পাহারা দেয়ার কাজটিও করে। সে হলো একজন আধুনিক খেলোয়াড় যে কিনা খুবই কার্যকর।’
ব্রাজিলকে ২০০২ সালে বিশ্বকাপ জেতানো স্কোলারি আভাস দেন র্যামিরেস আগামী বছরের বিশ্বকাপটিতে তার পরিকল্পনায় আছেন। তরুণ ফরোয়ার্ড বার্নার্ডও সুযোগ পেয়ে কোচের নজর কাড়েন। ধারণা করা হচ্ছে গেল রবিবারে ২১ হওয়া এই খেলোয়াড়টি পর্তুগালের বিরুদ্ধে আরেকটি সুযোগ পাবেন। এদিকে রিয়াল মাদ্রিদ লেফট ব্যাক মার্সেলো পায়ের মাংশপেশিতে ইনজুরির কারণে দল থেকে সরে দাঁড়িয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলাটিতে আঘাত পেয়েছিলেন তিনি। তার জায়গায় খেলতে পারেন ম্যাক্সওয়েল। স্কোলারি আশা করছেন মিডফিল্ডার অস্কার ব্রাসিলিয়ার ম্যাচটিতে খেলতে না পারলেও ডান গোড়ালির সমস্যা কাটিয়ে উঠতে পারবেন।
স্বাগতিক হওয়ার কারণে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাই পর্ব খেলতে হচ্ছে না। এর পরিবর্তে প্রীতি ম্যাচগুলোই ভরসা সেলেচাওদের যারা এরপর দক্ষিণ কোরিয়া ও জাম্বিয়ার বিরুদ্ধে খেলবে আগামী মাসে।
সঙ্গত কারণেই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ স্কোলারির কাছে,‘আমরা এটিকে প্রীতি ম্যাচ হিসেবে নয়, তিন পয়েন্টের ম্যাচের মতো খেলছি। আমরা বিশ্বকাপে আছি মনে করেই পর্তুগালের মোকাবেলা করতে যাচ্ছি। সুইজারল্যান্ডের বিরুদ্ধেও আমরা একই মনোভাবে খেলেছি। অস্ট্রেলিয়ার সাথেও তাই, পর্তুগালের সাথেও সেভাবে খেলবো।’
উল্লেখ্য এক দশক আগে পর্তুগালের ফুটবলের পুনরুজ্জীবনে স্কোলারিরও অবদান আছে। কেননা তার অধীনে দলটি ২০০৪ সালের ইউরোপীয়ান কাপের ফাইনালে ওঠে এবং ২০০৬ বিশ্বকাপে ডাচ ও ইংলিশদের হঠিয়ে চতুর্থ স্থান পেয়েছিল।
