চট্টগ্রামে আজ থেকে শুরু হচ্ছে ভেটারেন ফুটবল লিগ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৫
চট্টগ্রামের সাবেক ফুটবল খেলোয়াড়দের ক্রীড়া উন্নয়নমূলক সংগঠন ‘চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি’র আয়োজনে আজ বুধবার বিকাল সাড়ে ৪টায় শুরু হচ্ছে ‘অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স ভেটারেন ফুটবল লিগ’। এমএ আজিজ স্টেডিয়ামের অনুশীলন মাঠে উদ্বোধনী খেলায় অংশ নেবে এফএইচ খান ফজু স্মৃতিসংঘ এবং স্যার রশিদ উল্লাহ স্মৃতি ফুটবল ক্লাব। দুই সপ্তাহের এ লিগে চট্টগ্রামের এবং জাতীয় দলের সাবেক ফুটবলারদের নিয়ে গড়া ৯টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো:এ গ্রুপে-এফএইচ খান ফজু স্মৃতিসংঘ, আবদুস শুক্কুর চৌধুরী একাদশ, হেলাল-টিপু স্মৃতি সংসদ (ফটিকছড়ি), ডা. হানিফ স্মৃতি সংসদ ও স্যার রশিদ উল্লাহ স্মৃতি ফুটবল ক্লাব এবং বি গ্রুপে-শরীফ একাদশ, স্বপন কান্তি স্মৃতি সংসদ, আকতার স্মৃতি ফুটবল দল (পটিয়া) এবং ক্যাপ্টেন মফজল স্মৃতি। উভয় গ্রুপের শীর্ষ দুই দল ২২ সেপ্টেম্বর সেমিফাইনালে এবং জয়ীরা ২৪ সেপ্টেম্বর শিরোপা লড়াইয়ে অবতীর্ণ হবে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর এক রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিগের বিস্তারিত জানান অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স ভেটারেন ফুটবল লিগ পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. কাসেম। এ সময় উপস্থিত ছিলেন লিগ কমিটির সদস্য সচিব একরাম আফসার, চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তপন দত্ত, জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও চট্টগ্রামের সন্তান মামুনুল ইসলাম মামুন এবং সাবেক ফুটবলার ও সংগঠকরা। জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও চট্টগ্রামের সন্তান মামুনুল ইসলাম মামুন সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রামের সাবেক ফুটবলারদের এই আয়োজনকে স্বাগত জানান। তিনি বলেন, ‘ফুটবলের অতীত গৌরব এখনো ধরে রেখেছেন চট্টগ্রামের ফুটবলাররা। জাতীয় দলেও এখন চট্টগ্রামের ফুটবলারদের আধিপত্য। কিন্ত সেই তুলনায় এগিয়ে যায়নি চট্টগ্রামের ফুটবল।’