ফেনীর ফুলগাজী মাতিয়ে গেলেন দেশের প্রখ্যাত লোক সংগীত শিল্পী কুদ্দুস বয়াতি। গত ৭ সেপ্টেম্বর দুপুরে তাকে ফুলগাজী মহিলা কলেজ মাঠে দেখা মাত্রই আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার দর্শকরা।
ফেনীর ফুলগাজী মহিলা কলেজ মাঠে ‘নবীনবরণ’ অনুষ্ঠান ছিল গত ৭ সেপ্টেম্বর। দুপুরের খাবার পর মঞ্চে ওঠেন লোকগানের কিংবদন্তি শিল্পী কুদ্দুস বয়াতি। তিনি একের পর এক পরিবেশন করেন ‘আমার পাগলা ঘোড়ারে’, ‘দয়াল আল্লারে’, ‘এ দুনিয়া পুতুল খেলা’, ‘এদিন দিন নয় আরও দিন আছে’সহ বহু গান। এ সময় মন মাতানো গানের তালে তালে দর্শক শ্রোতারা হাত তালি দিয়ে তার সঙ্গে সুর মিলিয়ে নেচে গেয়ে তার গান উপভোগ করেন।
একই দিন বিকেলে কুদ্দুস বয়াতি ফুলগাজীতে মাস্টার নুরুল হক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও গান পরিবেশন করেন।
কুদ্দুস বয়াতির গান উপস্থিত দর্শকদের মনে এতটাই গেঁথে গেছে যার প্রতিফলন দেখা গেছে ওই দিন সন্ধ্যায় ঘরমুখো মানুষের কণ্ঠে। অনেক তরুণ যুবক তার গান সুর করে গাইতে গাইতে বাড়ি গেছেন।
নবীন বরণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কুদ্দুস বয়াতি ছাড়াও মহিলা কলেজের শিক্ষার্থীরা গান পরিবেশন করে।
কলেজের নবীন বরণ অনুষ্ঠানের আলোচনা সভায় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
এ সময় ফেনী পুলিশ সুপার পরিতোষ ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শফিউল আরিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী প্রমুখ।
