আগের সিরিয়ালটির গল্পের পটভূমি ছিল ভারতের লক্ষৌ শহর। এবারের ‘ইস পেয়ার কো ক্যায়া নাম দো... একবার ফির’ সিরিয়ালের কাহিনী গড়ে উঠেছে পুনা শহরের পটভূমিকায়। দুই ভিন্ন সামাজিক অবস্থানের এক জোড়া তরুণ-তরুণীর গল্প নিয়ে আবর্তিত হচ্ছে সিরিয়ালটি। যার নায়িকা আস্থা। ২৩ বছর বয়সী এই তরুণী, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। হাসি-খুশি-প্রাণবন্ত স্বভাবের আস্থা সব কিছুই পজিটিভলি গ্রহণ করতে অভ্যস্ত। একটি আধুনিক সংস্কারমুক্ত পারিবারিক পরিবেশে সে বেড়ে উঠেছে। এই সমাজে নারী-পুরুষের সম-অধিকারের বিশ্বাসী আস্থা নিয়ে চেষ্টায় এগিয়ে যেতে চায় সামনের দিকে। ঈদকে এই সিরিয়ালের নায়ক শ্লোক বড়লোক বাবার ছেলে। ২৪ বছর বয়সী এই তরুণ কিছুটা রাশভারী স্বভাবের। বাবার ব্যবসা দেখাশোনা করে সে। বাবার নীতির প্রতি অটল সে। শ্লোক খুব কম কথা বলে। তার মুখে সচরাচর হাসি দেখা যায় না। নারী বিদ্বেষী টাইপের এই তরুণ পুরুষদের তুলনায় নারীদের নিকৃষ্ট মনে করে। নিজের মায়ের প্রতি ঘৃণা থেকে নারীদের প্রতি তার মনে ঘৃণা বিদ্বেষের জন্ম। কিছু বেদনাদায়ক ঘটনার প্রেক্ষিতে শ্লোকের মনে নারীদের প্রতি ঘৃণভাবটা বাসা বেঁধেছে। একদিন দুই বিপরীতমুখী স্বভাবের তরুণ-তরুণী শ্লোক ও আস্থার দেখা হয়ে যায়। শ্লোকের ধারণা পৃথিবীর সব মন্দকাজের পেছনে মেয়েদের হাত রয়েছে। কোনো নারীর মুখোমুখি হলে শ্লোক ক্ষোভের প্রকাশ ঘটাতে দেরি করে না, কঠিন কথা শুনিয়ে দেয়। ওদিকে আস্থা হাসিখুশি প্রাণবন্ত একটি মেয়ে অন্যের স্বার্থরক্ষা করতে দ্বিধা করে না, এজন্য অনেক বিপদে পড়ে যায় মাঝেমধ্যে। তেমনি এক ঘটনায় শ্লোকের মুখোমুখি হয়। রাগী, বদমেজাজী রাশভারী স্বভাবের শ্লোকের মুখোমুখি হলেও আস্থা তার স্বভাবজাত ভঙ্গিতে থাকে। তেমনি কাহিনী নিয়ে এগিয়ে যাচ্ছে নতুন সিরিয়াল ‘ইস পেয়ার কো ক্যায়া নাম দো... একবার ফির’। এই সিরিয়ালটি দেখতে বসে দর্শকদের আগের সিরিয়ালের নায়ক অর্ণব ও খুশির কথা মনে পড়ে যাচ্ছে। তাদের পরস্পরের মুখোমুখি হওয়ায় ঘটনাগুলোর সঙ্গে অনেকটা সাদৃশ্য রাখার চেষ্টা রয়েছে নতুন সিরিয়াল ‘ইস পেয়ার কো ক্যায়া নাম দো... একবার ফির’ এ নতুন এই সিরিয়ালে শ্লোক চরিত্রে রূপদান করছেন ‘ছোটি বহু’ সিরিয়াল খ্যাত অভিনেতা অবিনাশ সচদেব। আগের সিরিয়ালে সহজ-সরল সাদামাটা এক তরুণের ভূমিকায় দেখা গেলেও এবার শ্লোক চরিত্রে তাকে অনেকটা মন্দ মানুষের ইমেজে পর্দায় উপস্থিত হতে হয়েছে। ইতোমধ্যে দর্শকদের মনে নাড়া দিতে পেরেছেন তিনি নতুনভাবে। ওদিকে আস্থা চরিত্রে অভিনয় করছেন শ্রীনু পারিখ। সনি টিভির ‘বিয়া হামারি বহু কা’ সিরিয়ালের প্রধান নায়িকা রজনীবালা চরিত্রে তাকে দেখা গেছে আগে। এ ছাড়াও ‘গুলাল’ ও ‘হাভান’ সিরিয়ালে গুরুত্বপূর্ণ নারী চরিরেত্র রূপদান করে ঘরে ঘরে পরিচিতি লাভ করেছেন সুন্দরী তন্বী এই অভিনেত্রী। এ ছাড়াও ‘ইস পেয়ার কো ক্যায়া নাম দো... একবার ফির’ সিরিয়ালের অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মনীষ ওয়ার্দ্ধা, গীতাঞ্জলি টিকেকার, সালমালি দেশাই, করুণ গাঙওয়াল প্রমুখ। স্টার প্লাস চ্যানেলে প্রতি সোম থেকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘ইস পেয়ার কো ক্যায়া নাম দো... একবার ফির’ দেখানো হচ্ছে।
