বেসরকারি চ্যানেল আরটিভিতে সম্প্রতি প্রচার শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘জবের ব্যাপার’। শিমুল সরকারের রচনা ও পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শখ, আ খ ম হাসান, আরমান পারভেজ মুরাদ, ওয়াহিদা মল্লিক জলি, শাহনাজ খুশি, আনিসুল হক বরুণ, সঞ্জীব আহমেদ, ফরহাদ শিশির, আরিফ সিদ্দিকী পিন্টু প্রমুখ। রাজশাহীর আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক জবের ব্যাপার। মূলত রাজশাহী থেকে ঢাকায় আসা দুই যুবকের মজার মজার সব ঘটনা নিয়েই নাটকটির গল্প। তাদের একজন আরমান পারভেজ মুরাদ, অন্যজন আনিসুল হক। গল্পের বড় জায়গা দখল করে আছে ভণ্ড এক গণক। বাইরে তার পরিচয় গণক হলেও পর্দার অন্তরালে সে অপরাধজগতের নিয়ন্ত্রক। নাটক প্রসঙ্গে পরিচালক শিমুল সরকার বলেন, ‘অনেক পরিশ্রম করে এই নাটকটি নির্মাণ করা হয়েছে। এখানে নাটকের নিয়মিত শিল্পীদের পাশাপাশি খরগোশ ও কচ্ছপকে নিয়ে ভিন্ন ধরনের একটি মজা আনার চেষ্টা করা হয়েছে। এই নাটক দেখে দর্শকরা শুধু বিনোদন পাবেন, তা নয়। এর মধ্যে আছে বেশ কিছু মেসেজ। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’ ধারাবাহিক নাটক ‘জবের ব্যাপার’ প্রতি সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার রাত ৮-১৫ মিনিটে প্রচার হবে।
