এক সাথে তিন ছবিতে
চলচ্চিত্র, নাটক ও মডেলিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুপার হিরোইন খ্যাত শম্পা। চলতি বছর ‘মাটির পিঞ্জিরা’ ছবি দিয়েই মূলত তিনি আলোচনায় এসেছেন। বর্তমানে তিনটি ছবিতে অভিনয় করছেন। এগুলো হলো ‘এক্সকিউজ মি’, ‘ওয়ানওয়ে রোড’ ও ‘লাভ ইউ প্রিয়া’। এর মধ্যে ‘এক্সকিউজ মি’ ও ‘লাভ ইউ প্রিয়া’ চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা। এ ছাড়া ‘ওয়ানওয়ে রোড’-এর শুটিংও প্রায় শেষের দিকে। তিনটি ছবিতেই তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক সাগর। চলচ্চিত্রের পাশাপাশি শম্পা অভিনীত আটটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। এগুলো হলো ‘বড় বাড়ির ছোট বউ’, ‘মন যে কিছু বোঝে না’, ‘কনফিউশন’, ‘যেখানে স্বপ্নের দেশ’, ‘বৈরি বাতাস’, ‘ছবির হাট’, ‘দূরত্ব’ ও ‘অভিবাসী’। আসছে ঈদের জন্য নির্মিত বেশ কয়েকটি এক খণ্ডের নাটকেও অভিনয় করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘হানিমুনার’, ‘প্রেম ও প্রতারণার গল্প’ ইত্যাদি। এ ছাড়া সম্প্রতি তিনি রাজ ফ্যাশন হাউসের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন।
০০
নতুন পরিচয়ে
অভিনেত্রী নামের সাথে পরিচালকের তকমা যুক্ত করতে যাচ্ছেন অহনা। তবে পেশা হিসেবে নয়, শখের বশে নাটক নির্মাণ করবেন তিনি। এরইমধ্যে এ বিষয়ে মানসিকভাবে প্রস্তুতি নেয়াও শুরু করেছেন। এ প্রসঙ্গে অহনা বলেন, ‘পরিচালনার বিষয়টি আমি ভীষণ উপভোগ করি। সৃজনশীল নির্মাণ পরিকল্পনা দ্বারা দর্শকদের মানসম্পন্ন নাটক উপহার দেওয়া সম্ভব। সে কারণেই পরিচালনায় আসতে চাচ্ছি।’ মডেল-অভিনেত্রী অহনা ক্যারিয়ারের শুরু থেকেই চ্যালেঞ্জিং সব চরিত্রে অভিনয় করে আসছেন। বর্তমানে অহনা ঈদের এক খণ্ডের নাটক ও টেলিফিল্মে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে তার বেশ কয়েকটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এর মধ্যে রয়েছে—‘টো টো কোম্পানি’, ‘নোয়াশাল’, ‘ঘাটের কথা’, ‘দু’টাকার বাহাদুরি’, ‘পঞ্চ প্রেমিক’ ইত্যাদি।
০০০
তিন বছর পর
তিন বছর আগে নিলয় অভিনীত ছবি মুক্তি পেয়েছিল ‘বেইলী রোড’। এর মধ্যে তার অভিনীত আর কোনো ছবি মুক্তি পায়নি। তিন বছর পর আবারও প্রেক্ষাগৃহে আসছেন সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতা বিজয়ী নিলয়। আসছে শুক্রবার ‘রূপগাওয়াল’ ছবির মধ্য দিয়েই দীর্ঘ বিরতির পর প্রেক্ষাগৃহে আসবেন তিনি। ছবিটি পরিচালনা করছেন হাবিবুর রহমান। ছবির গল্প গড়ে উঠেছে একজন ফেরিওয়ালাকে ঘিরে। নিলয় গ্রামে গ্রামে প্রসাধনী সামগ্রী ফেরি করে। এ অবস্থায় সে এক সুন্দর মুখ দেখতে পায়। দিন দিন তাকে আপন করার আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হয় তার মধ্যে। কিন্তু তাতে অনেক বাধা। ছবিতে নিলয়ের বিপরীতে অভিনয় করেছেন সিমলা। এতে আরও অভিনয় করেছেন চম্পা, মাসুম আজিজ, আনোয়ার শাহী প্রমুখ। এই ছবি প্রসঙ্গে নিলয় বলেন, ‘ছবিটির গল্পটি ভিন্ন। তাই এ নিয়ে আগ্রহও অনেক। আশা করছি সবার কাছে ভালো লাগবে।’
০০০
হরর ছবির নায়িকা
মডেল জান্নাতুল পিয়া এবার হরর ছবির নায়িকা হলেন। রিকিয়া মাসুদোর পরিচালনায় হরর ছবি ‘দ্য স্টোরি অব সামারা’তে তিনি অভিনয় করছেন। এই ছবিতে আরও অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, চিত্রলেখা গুহ, কাবিলা, সাঞ্জু, সিবা, শ্রুতি ও আমান খান প্রমুখ। গত আগস্ট মাসের ২৪ তারিখ থেকে এ ছবির শুটিং শুরু হয়। এরই মধ্যে ছবির ৩৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। চলতি মাসের শেষের দিকে এ ছবির দ্বিতীয় লটের কাজ কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও সেন্ট মার্টিনে শুরু হবে। এ ছবি ছাড়াও পিয়া বেশ কয়েকটি ধারাবাহিক ও এক খণ্ডের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
০০০
ব্যান্ড গড়লেন মেহরাব
ব্যান্ড গড়লেন মেহরাব। নাম ‘ক্লাবস’। ৬ সেপ্টেম্বর এনটিভির এক লাইভ অনুষ্ঠানের গান করার মধ্য দিয়ে ব্যান্ডটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এই গায়ক। পাঁচ সদস্যের এই ব্যান্ডের সদস্যরা হলেন—মেহরাব (ভোকাল ও গিটার), তারেক (ভোকাল ও গিটার), মুসান্না (ভোকাল ও ড্রামস), অপু (ভোকাল ও কি-বোর্ড) এবং তুষার (বেজ)। মেহরাব বলেন, ‘ছোটবেলা থেকেই ব্যান্ডের প্রতি ঝোঁক ছিল আমার। ২০০৩ থেকে বন্ধুরা মিলে একটা ফর্ম গড়েছিলাম। মাঝে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি। এ বছরের ১৭ জানুয়ারি থেকে আবারও একসঙ্গে কাজ শুরু করি। তখনই নামটা চূড়ান্ত হয়। এতদিন প্যাকটিস করেছি আর নতুন গান বেঁধেছি। এবার আনুষ্ঠিকভাবে যাত্রা শুরু করলাম।’ ডিসকো, পপ, রক এবং ফিউশন ধাঁচের গান করবে ক্লাবস। এরইমধ্যে ব্যান্ডের প্রথম একক অ্যালবামের গানও প্রায় রেডি করে ফেলেছেন ব্যান্ডের সদস্যরা। এখন চলছে মিক্স মাস্টারিং এবং সাউন্ড ডিজাইনের কাজ। খুব শিগগিরই অ্যালবামটি বাজারে আসার কথা রয়েছে। উল্লেখ্য ২০০৫ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মধ্য দিয়ে সবার কাছে পরিচিতি লাভ করেন মেহরাব। পারফর্মেন্স দিয়ে এরইমধ্যে জায়গা করে নিয়েছেন শ্রোতাদের মনে। তার ব্যান্ড ‘ক্লাবস’ কতদূর যেতে পারে এবার সেটা দেখার পালা।
