পুঁজিবাজারে কারসাজি রোধে সার্ভিল্যান্স সিস্টেম সংক্রান্ত গাইডলাইন অনুমোদন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২০:২৬
পুঁজিবাজারে কারসাজি রোধে মার্কেট সার্ভিল্যান্স সিস্টেম বাস্তবায়ন সংক্রান্ত গাইডলাইন অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত মঙ্গলবার কমিশনের ৪৯৩তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। অস্বাভাবিক লেনদেন নিয়ন্ত্রণ এবং নজরদারি জোরদার করতে গত বছরের ১৮ ডিসেম্বর বিএসইসি নিজস্ব সার্ভিল্যান্স সফটওয়্যার স্থাপন করে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর উদ্বোধন করেন। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম-১ (সিএমডিপি-১) এর অর্থায়নে এ সার্ভিল্যান্স সিস্টেম চালু করা হয়। এদিকে বিএসইসি’র কমিশন সভায় আইসিবি-এএমসিএল প্রথম মিউচুয়াল ফান্ডকে বেমেয়াদি তহবিলে রূপান্তরের অনুমতি দেয়া হয়েছে। তবে এটি বেমেয়াদি ফান্ডে রূপান্তর হবে কি না, তা নির্ভর করছে ইউনিটধারীদের মতামতের ওপর। ইউনিটধারীদের সংখ্যাগরিষ্ঠ অংশ যদি বেমেয়াদে রূপান্তরের পক্ষে মতামত দেয়, তাহলে রূপান্তর হবে। অন্যথায় এটিকে গুটিয়ে ফেলতে হবে। এদিকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ফান্ডটির রূপান্তরের প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি কমিশন খুব শিগগির মেয়াদি ফান্ড থেকে বেমেয়াদি ফান্ডে রূপান্তরের একটি নীতিমালাও প্রণয়ন করবে।