অবশেষে দীর্ঘদিন পর চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার অভিনেত্রী ফারাহ রুমার। নারগিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিতে এক অর্বাচীন অভিনেতা ওমর আয়াজের বিপরীতে অভিনয় করেছেন। এ ছাড়াও এই চলচ্চিত্রের অন্যতম চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববিতা। নিজের চলচ্চিত্রে অভিষেক প্রসঙ্গে ফারাহ রুমা বলেন, ‘আমি আসলে কোনো ধরনের বিশেষ অনুভূতিতে ভুগি না। একটা কাজ করেছি। এখন চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। বাইরের মানুষ, প্রিয় কলিগ বা শুভাকাঙ্ক্ষীরাই বিষয়টিকে আরও বিশেষ করে তুলছে। অবশ্যই বড় ক্যানভাসে একটি কাজ শুরু করতে যাচ্ছি। এ কারণে সবার দোয়া চাই। যেমন আমি সাধারণত বিভিন্ন অনুষ্ঠান বা টক শোতে অতিথি হয়ে খুব কম যাই। কিন্তু ছবিটির ক্যাম্পেইনে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। ভালো লাগছে। ‘পুত্র এখন পয়সাওয়ালা’ একেবারেই ভিন্ন ধারার একটি কাজ। আশা করি দর্শকদেরও ভালো লাগবে। তাদের ভালো লাগলে হয়তো চলচ্চিত্র নিয়মিত কাজ করব।’
