আন্তর্জাতিকভাবে সুপরিচিত টিভি চ্যানেল এমটিভির ৩টি অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশনে। গত ১০ সেপ্টেম্বর মাছরাঙা টেলিভিশন ও এমটিভি এশিয়ার অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ক্রেইনসের মধ্যে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম এবং ক্রেইনসের প্রধান নির্বাহী রাবেথ খান চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী প্রাথমিকভাবে মাছরাঙা টেলিভিশনে ৩টি অনুষ্ঠান প্রচার শুরু করবে এমটিভি। অনুষ্ঠানগুলো হলো ‘এমটিভি হিটস’, ‘মাই সেলেব এমটিভি’ এবং ‘এমটিভি চার্ট অ্যাটাক’। ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘এমটিভি হিটস’। বিশ্বের জনপ্রিয় গান নিয়ে এ অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি শনিবার রাত ১১টায়। অন্য দুটি অনুষ্ঠান প্রচার শুরু হবে ২৯ সেপ্টেম্বর থেকে। বাংলাদেশের শীর্ষ সংগীত তারকাদের নিয়ে অনুষ্ঠান ‘মাই সেলেব এমটিভি’ প্রচারিত হবে প্রতি রবিবার রাত ১১টায়। আর তরুণ সংগীত প্রতিভাদের নিয়ে অনুষ্ঠান ‘এমটিভি চার্ট অ্যাটাক’ প্রচারিত হবে প্রতি রবিবার রাত ১১টা ৩০ মিনিটে।
