শুধু গানের ব্যস্ততায় নদী

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪২
চ্যানেল আইয়ের সেরা কণ্ঠের সবচেয়ে মেধাবী কণ্ঠশিল্পী হিসেবে নদী একাধিক মঞ্চে ও সংগীতাঙ্গনে প্রশংসিত হয়েছেন। বর্তমানে পড়াশোনা ও পারিবারিক কারণেই রাজশাহীতে অবস্থান করছেন তিনি। তবে পড়াশোনার ফাঁকে ফাঁকে নিজর বিভিন্ন গানের রেকর্ডিংয়ের কাজে ঢাকায় আসেন। এ ছাড়াও তার ভাই সারোয়ার সংগীতের কাজের জন্য বাসাতেই স্টুডিও স্থাপন করেছেন। সেই স্টুডিওতেও চলে ভাই-বোনের গানের বিভিন্ন কাজ। উল্লেখ্য, মৌমিতা তাসরিন নদীর সর্বশেষ অ্যালবাম রিলিজ হয় তারেক নামের এক কণ্ঠশিল্পীর সাথে। নদী বলেন, ‘তারেক ভাইয়ের সাথে আমার এই ডুয়েট অ্যালবামটি আমার ক্যারিয়ারের জন্য অনেক কাজে দিয়েছে। কারণ অ্যালবামে একটি এক্সক্লুসিভ ভিডিও তৈরি করেছেন গাজী শুভ্র। সেই গানটি এখন বিভিন্ন টপচার্টে শীর্ষে অবস্থান করছে।’ উল্লেখ্য, নদী আধুনিক গান গাইলেও ২০০৬ সালে রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদে প্রথম স্থান অর্জন করেছিলেন। সবসময় থাকতে চান গানের সাথেই। নদীর কথায়, ‘আমি প্রায় দেখি আমার সতীর্থদের অনেকেই গানের চেয়ে উপস্থাপনা বা অভিনয়েই বেশি ব্যস্ত। আমি গানেই নিবিষ্ট হয়ে কাজ করতে চাই। নিজেকে কণ্ঠশিল্পী হিসেবেই প্রতিষ্ঠিত করতে চাই। অযথা বিভিন্ন মাধ্যমে বিচ্ছুরিত হয়ে সমালোচিত হতে চাই না।’ নদী খুব শিগগিরই একটি মিক্সড ও একটি পূর্ণাঙ্গ দ্বৈত অ্যালবামে গাইবেন বলে জানান। এ ছাড়াও বেশ কিছু প্লে-ব্যাকেও কণ্ঠ দিয়েছেন তিনি এরই মধ্যে।