দাউদ ইব্রাহীমসহ ২শ ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করছে নেপাল

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫১
আল-কায়েদা জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক থাকার কারণে দাউদ ইব্রাহিমসহ ২০০-র বেশি ব্যক্তি ও সংগঠনের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে নেপাল সরকার। খবর বর্তমান পত্রিকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শংকরপ্রসাদ কৈরালা জানিয়েছেন, ২২৪ জন এবং ৬৪টি দলের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে। আর এই তালিকায় রয়েছে দাউদ ইব্রাহিম কাসকারের নামও। ভারতের গোয়েন্দাদের দাবি- দাউদ এখন পাকিস্তানের বন্দর শহর করাচিতে রয়েছে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তালিকায় থাকা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তি বা সংগঠনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।