জাপানের সঙ্গে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের জলসীমায় মঙ্গলবার চীনের সাতটি জাহাজ ঢুকে পড়েছে। গত এপ্রিলেও এ এলাকায় চীনের আটটি জাহাজের উপস্থিতি শনাক্ত করা হয়েছিল। -খবর সিনহুয়ার
জাপানের কোস্টগার্ডের এক মুখপাত্র জানান, টোকিওর নিয়ন্ত্রণাধীন সেনকাকু দ্বীপপুঞ্জের জলসীমায় চীনা কোস্টগার্ডের একটি জাহাজের বহর (ফ্লোটিলা) দেখা গেছে। চীনের স্টেট ওসানিক এডমিনিস্ট্রেশন (এসওএ)’র উদ্ধৃতি দিয়ে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, ২০১২ সালের সেপ্টেম্বরের পর থেকে এ পর্যন্ত ঐ এলাকায় বিভিন্ন সময় টহল দিয়েছে দেশটির সরকারি বাহিনী। এবার ৫৯তম টহলের অংশ হিসাবে কোস্টগার্ড ফ্লোটিলা ঐ এলাকায় ঢুকেছে। ২০১২ সালের সেপ্টেম্বরে টোকিও ঐ দ্বীপপুঞ্জ বেসরকারি মালিকানাধীনে ছেড়ে দেয়। বেইজিংও দ্বীপপুঞ্জটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। চীনে দ্বীপপুঞ্জটি দিয়াউজু নামে পরিচিত। খবরে বলা হয়, চীনের নৌযানগুলো গত ১২ মাসে বিভিন্ন সময়ে দ্বীপপুঞ্জ থেকে মাত্র দশমিক ২৮ নটিক্যাল মাইল দূরত্বের মধ্যে ঢুকেছে। তবে নৌযানগুলো দ্বীপপুঞ্জের এত কাছে কবে নাগাদ গিয়েছিল সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি। জাপানের কোস্টগার্ড জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় চীনের জাহাজগুলো জাপানের জলসীমায় প্রবেশ করে।
