ফিলিপাইনে জিম্মি ঘটনায় বিদেশি মধ্যস্থতার আহ্বান বিদ্রোহীদের

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫১
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের চারটি গ্রামের অসংখ্য মানুষকে দেশটির এমএনএলএফ বিদ্রোহীদের জিম্মি ঘটনার পর তাদেরকে ঘিরে ফেলেছে সেনাবাহিনী। এ ঘটনায় বিদ্রোহীরা আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান জানিয়েছে। সোমবার সকালে জামবোয়াঙ্গা শহরের উপকূলে বিদ্রোহীরা এসে নৌকা ভেড়ালে সেনাবাহিনী ও পুলিশের সাথে সংঘর্ষ বাধে। সংঘর্ষে নয়জন নিহত এবং আহত হয় আরো অনেকে। সরকারি সূত্রে এ খবর জানানো হয়েছে। সরকার তাদের সাথে করা শান্তিচুক্তি ভঙ্গ করলে বিদ্রোহীরা প্রচণ্ড বিক্ষুব্ধ হয়। এর ফলে আত্মরক্ষার অংশ হিসাবে তারা বেসামরিক জনগণকে বিভিন্ন বাড়ি এবং মসজিদে বন্দী করে রাখে। এ ঘটনায় সেনাবাহিনী চারটি গ্রামের জিম্মিসহ মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এমএনএলএফ) ঘিরে রেখেছে। এদিকে এ ঘটনার পর বিদ্রোহী দলটির নেতা নুর মিসৌরিকে জনসমক্ষে উপস্থিত হতে বা বিবৃতি দিতে দেখা যায়নি। দেশটির প্রেসিডেন্ট বেনিনগো একুইনো বলেন, এসময় আমাদের সর্বোচ্চ মনোযোগ থাকবে জিম্মিদের নিরাপদ রাখা এবং সেখানকার বাড়ি-ঘরের নিরাপত্তা নিশ্চিত করা। অন্যদিকে স্বরাষ্ট্র সচিব মার রক্সাস জানান, কর্তৃপক্ষ একটি ভিন্ন জায়গা থেকে বিদ্রোহীদের সাথে আলোচনা শুরু করেছে। তবে ঐ জায়গা থেকে তাদের সরিয়ে ফেলার মত এমন কোন ঘটনা এখনো ঘটেনি। গতমাসে এমএনএলএফ দেশটির সরকারকে নিজস্ব রাষ্ট্র গঠনের মাধ্যমে পৃথক হওয়ার নতুন এক হুমকি দেয়।