উত্তর এবং দক্ষিণ কোরিয়া তাদের যৌথ শিল্পাঞ্চল কায়েসং পুনরায় খুলে দিতে সম্মত হয়েছে। আগামী সপ্তাহেই তা খুলে দেয়া হতে পারে। পাঁচ মাস আগে উভয় দেশের মধ্যে সামরিক উত্তেজনা যখন তুঙ্গে তখন এই শিল্পাঞ্চলটি বন্ধ করে দেয়া হয়। এরপর দু’দেশের প্রতিনিধিদের মধ্যে কয়েকদফা বৈঠকের পর বুধবার তারা একমত হন যে শিল্পাঞ্চলটি আবার খুলে দিতে তাদের আপত্তি নেই। ওইদিনের বৈঠকে তারা একমত হন যে, আগামী ১৬ সেপ্টেম্বর এই শিল্পাঞ্চলটি খুলে দেয়া হবে। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় জানায়, বেশ কয়েকবার উভয় দেশের মধ্যে আলোচনা বৈঠকের পর তারা এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। মন্ত্রণালয় জানায়, কায়েসংয়ে দক্ষিণ কোরিয়ার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তা ওইদিন থেকে পরীক্ষামূলকভাবে তাদের কার্যক্রম শুরু করবে। যৌথ শিল্পাঞ্চলটির নতুন কমিটি গঠিত হওয়ার পরই এ ধরনের সিদ্ধান্ত হলো। ২০০৪ সালে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের সেতুবন্ধন তথা অর্থনৈতিক সম্পর্ক জোরদারকরণে এটি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে তেমন কোন জটিলতা ছাড়াই ভালোভাবে চলছিল এর কার্যক্রম। কিন্তু গত এপ্রিল মাসে উত্তর কোরিয়া তাদের তৃতীয় পারমাণবিক পরীক্ষা চালালে দক্ষিণ কোরিয়া এর তীব্র প্রতিবাদ করে এবং তখন থেকেই দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। পিয়ংইয়ং তখন কায়েসংয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দেয় এবং ৫৩ হাজার উত্তর কোরীয় কর্মীকে দক্ষিণ কোরিয়ার কারখানা থেকে সরিয়ে নেয়। গতমাসে দুই কোরিয়া আবার সম্মত হয় কায়েসং তারা চালু করবে। তারই ধারাবাহিকতায় বর্তমানের এই সিদ্ধান্ত গৃহীত হলো।
