ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, পরমাণু অধিকার থেকে কেউ তাদেরকে বঞ্চিত করতে পারবে না। কেননা এটা তাদের বৈধ অধিকার। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। -খবর সিনহুয়া ও আল জাজিরার।
হাসান রুহানি বলেন, পারমাণবিক ইস্যুতে বহির্বিশ্বের সঙ্গে আলোচনায় যেন দু’পক্ষেরই জয়ী হওয়ার সম্ভাবনা থাকে। আর আলোচনা যদি জয়-পরাজয়ের ভিত্তিতে হয় তাহলে সেটা কোন ফল নিয়ে আসবে না। তিনি আরো বলেন,দেশটির পারমাণবিক ইস্যু সমাধানে সময় ‘সীমাহীন’ হতে পারে না। এ ব্যাপারে উভয়পক্ষকেই সময়ের সদ্ব্যবহার করা উচিত। রুহানি বলেন, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ ও পি৫১-এর সঙ্গে আন্তরিকভাবে আলোচনার জন্য সব প্রস্তুতিমূলক পদক্ষেপ নেয়া হয়েছে। আন্তর্জাতিক বিধি ও এনপিটির নির্দেশনা মতে ইরান পরমাণু ইস্যুতে তার সর্বোচ্চ অধিকার কার্যকর করতে চাইবে।
