সংবাদ কণিকা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৪
ম্যাসাজ করবে জামা যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশেষ এক ধরনের জামা তৈরি করেছেন, যা স্বয়ংক্রিয়ভাবে পিঠে ও ঘাড়ে ম্যাসাজ করতে সক্ষম। হাঁটাচলার সময়েও এ জামাটি ম্যাসাজ করতে পারবে। বিশেষ এ জামাটিকে ইলেকট্রনিক জামা বললেও ভুল হবে না। জামাটির ভিতরে ছোট কয়েকটি মোটর বসানো আছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, মানসিক চাপ থেকে শরীরে খারাপ প্রভাব পড়ে। এ বিষয়টি থেকেই তাদের মধ্যে এ ধরনের জামা তৈরির ধারণা আসে। এ জামা ম্যাসাজের মাধ্যমে মানুষের মানসিক চাপ কমাতে সাহায্য করবে। —রয়টার্স অন্ধদের জন্য বাইক অন্ধত্বের শিকার মানুষদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ বাইসাইকেল। এতে সামনের প্রতিবন্ধকতা বা রাস্তার অবস্থা নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়েছে আল্ট্রাসনিক প্রযুক্তি। বিশেষ এ সাইকেলটি গ্লাসগো সম্মেলনে প্রদর্শন করা হয়েছে। সাইকেলটির নাম দেয়া হয়েছে আল্ট্রাবাইক। এটি একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষও স্বাচ্ছন্দ্যে চালাতে পারবেন। কারণ সাইকেলটিতে ব্যবহূত আল্ট্রাসনিক প্রযুক্তি চালককে সামনের বাধা সম্পর্কে সতর্ক করে দেয়। সাইকেলটি নির্মাণ করেছে হ্যারোগেটভিত্তিক প্রতিষ্ঠান সাউন্ড ফরসাইট টেকনোলজি। — বিবিসি স্কুলশিক্ষক থেকে কোটিপতি অমিতাভ বচ্চন উপস্থাপিত সনি টিভির জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র এবারের মৌসুমের শুরুতেই এক কোটি রুপি জিতে নিয়েছেন রাজস্থানের এক স্কুলের ইতিহাস শিক্ষক তাজ মুহাম্মদ রাংরেজ। তিনি অনুষ্ঠানটির ১২তম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিয়েছেন সনি টিভির তরফ থেকে ১ কোটি রুপি। তাজ মুহাম্মদ জানান, কেবিসিতে অংশ নেয়ার মূল কারণ ছিল তার ৭ বছরের মেয়ে। সে প্রায় অন্ধ। তার অর্জিত অর্থ তার মেয়ের জীবনে নতুন আশার আলো বয়ে আনতে পারবে বলেই তিনি বিশ্বাস করেন। — টাইমস অফ ইন্ডিয়া মজার লিফট উঁচু বিল্ডিংয়ে ওঠার জন্য লিফট আমরা অনেকেই ব্যবহার করেছি। সমপ্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, বাইসাইকেলের প্যাডেলের সাহায্যে ৩০ ফুট উঁচু বাড়িতে ওঠার জন্য লিফট তৈরি করেছেন ইথান স্লুুসার। বাইসাইকেলের প্যাডেলকে পুলিং সিস্টেমের সঙ্গে সংযুক্ত করে তৈরি করা হয়েছে লিফটটি। প্যাডেল যখন ঘোরানো হয়, তখন কপিকলের মতো পুলিং সিস্টেমের সংযোগটি মানুষকে উপরের দিকে নিয়ে যায়। আবার নামার সময়ও একই প্রক্রিয়ায় নামা যায়। — রয়টার্স