ফরমালিন নিয়ন্ত্রণে আইন প্রণয়ন প্রশ্নে হাইকোর্টের রুল

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৩
দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান রেখে আসন্ন সংসদ অধিবেশনে ফরমালিন নিয়ন্ত্রণ আইন প্রণয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে কেন নির্দেশ দেয়া হবে না- এই মর্মে রুলজারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে খাদ্যে ফরমালিন, কার্বাইড, পোড়া মবিল, বিষাক্ত রাসায়নিক ও রং এর ব্যবহার রোধে সব ধরনের খাদ্য পণ্য, মাছ ও মিষ্টি পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কেন গ্রহণ করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে বাণিজ্য, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, আইন ও পরিবেশ সচিব, বিএসটিআইয়ের মহাপরিচালক, পুলিশের আইজিসহ ১০ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদকে নিয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন। ফরমালিন নিয়ন্ত্রণে দ্রুত আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে ৮ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন অ্যাডভোকেট মো. ইউনুস আলী আকন্দ।