রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দালাল চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে। তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের কারাদণ্ড ও দশ হাজার টাকা করে জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা।
র্যাব জানায়, পাসপোর্ট অফিসের সামনে লাইনে দাঁড়ানো পাসপোর্ট প্রার্থীদের ফরম পূরণ, ফরম সত্যায়ন, ব্যাংকে ফি জমা এমনকি পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেয়ার জন্য দালাল চক্রের সদস্যরা প্রলুব্ধ করেন। তারা এসব কাজ করে দেয়ার জন্য পাসপোর্ট অফিসে আগতদের কাছ থেকে ৫শ টাকা থেকে ১ হাজার টাকা নিয়ে থাকে। পাসপোর্ট প্রার্থীরা দালালদের এসব প্রস্তাবে রাজি না হওয়া পর্যন্ত তারা নানাভাবে লাইনে দাঁড়ানোদের উত্ত্যক্ত করেন।
গতকাল সকাল ১১টার দিকে র্যাবের ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হন। এ সময় পাসপোর্ট প্রার্থীদের লাইনে দালালরা বিভিন্নভাবে উত্ত্যক্ত করছিলেন। র্যাব-২ এর টিম অভিযান চালিয়ে সেখান থেকে মিলন মিয়া, আপেল মাহমুদ, দেলোয়ার হোসেন, ফারুক হোসেন, বাবুল মিয়া, ওহেদ হোসেন বাবু, টুটুল হোসেন, আকরামুজ্জামান, আকরামুজ্জামান ও আব্দুল হান্নানকে গ্রেফতার করে।
