কারো অগণতান্ত্রিক আবদার রক্ষায় সরকার সংবিধান সংশোধনীতে হাত দেবে না

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৪
বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের সংবিধান নিয়ে কথা বলার অধিকার বিদেশি কারোর নেই। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার কারো কোন অগণতান্ত্রিক আবদার রক্ষার জন্য সংবিধান সংশোধনে হাত দিবে না। আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে সাংবিধানিক পন্থায়ই হবে। মঙ্গলবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনার হলে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার পথ বন্ধ হয়ে যায়নি। প্রধান বিরোধী দল চাইলে আগামী সংসদ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের রূপরেখা ও কার্যপদ্ধতি নিয়ে আলোচনার প্রস্তাব দিতে পারে। আমরা স্বাগত জানাবো। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো: সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক জজ লুত্ফর রহমান, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।