হায়রে দামোদর খাল

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪০
পিরোজপুর জেলা শহরের ভেতর দিয়ে বয়ে গেছে দামোদর খাল। এর দুই দিকে শহর। উত্তর পাড়কে বলা হয় রাজারহাট। দক্ষিণ দিকে পুরনো পিরোজপুর শহর। একদা দামোদর খাল ছিল নদী। পরবর্তীকালে হয়ে গেলো খাল। এক সময় দেখেছি দামোদর খাল ছিল কতই না খরসে াতা। পাল তোলা নৌকা, বড় বড় নৌকা চলতো এই খাল হয়ে। দূর দেশে বলেশ্বর হয়ে কচা নদীতে যাওয়ার একমাত্র নৌপথ ছিল এটিই। খুলনা, বাগেরহাট, মংলা হয়ে কত না বড় বড় নৌকো এই খাল হয়ে চলাচল করতো হুলারহাট হয়ে কাউখালি, শেখেরহাট, ঝালকাঠি, স্বরূপকাঠি বরিশালের দিকে। সেই দামোদর খাল আজ মৃত প্রায়। বর্ষা আর শরত্ ঋতু ছাড়া অন্য ঋতুতে এই খাল দিয়ে ছোট নৌকা চলাচল করাও কষ্টকর। পলি জমে আর আবর্জনার স্তূপের কারণে দামোদর খাল তার যৌবন হারিয়েছে। শৈশবে দেখেছি, কীই না জলে থৈ থৈ করতো দামোদর। তখনতো সড়ক পথের ওপর নির্ভর না করে অধিকাংশ লোক দামোদর খাল হয়ে নৌকায় কাছে-দূরে যাতায়াত করতো। বরযাত্রীরাও দামোদর খাল হয়ে ছোট ছোট লঞ্চ কিংবা বড় বড় নৌকায় এই পথে আসতেন। দামোদরের জলপান কিংবা এইখানে স্নান করতো দুই তীরের বসতবাড়ির লোকজন। শত শত ছেলে-মেয়ে গাছ থেকে লাফিয়ে পড়তো দামোদর খালে। সেই দৃশ্য আজ আর চোখে পড়ে না। কলসি কাঁখে দামোদর ঘাটে আসার সেই দৃশ্য স্মৃতিময় ঘটনা আজ। দামোদর খালটি কি সংস্কারের উদ্যোগ নেবে সংশ্লিষ্ট বিভাগ? লিয়াকত হোসেন খোকন, ঢাকা