বিকেএসপির দুই নম্বর মাঠে আপাতত খেলা নয়

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
শেষ পর্যন্ত বিকেএসপির ভেন্যুর কাছে হারই মানতে হল ঢাকা মেট্রোপলিশ ক্রিকেট কমিটিকে (সিসিডিএম)। প্রথম রাউন্ডে বিকেএসপির দুই নম্বর ভেন্যুতে দুদিন বসেও একটা ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। গতকাল রিজার্ভ ডে’তেও ভিক্টোরিয়া ও কলাবাগান অ্যাকাডেমির ম্যাচ মাঠে গড়ায়নি। ফলে এক পয়েন্ট করে নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দু দলকে। গতকাল বৃষ্টি না থাকলেও মাঠকে খেলার উপযুক্ত করে তোলা যায়নি। তাই এই ভেন্যুটিতে আপাতত আর কোনো খেলা রাখছে না সিসিডিএম। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রিমিয়ার লিগের প্রথম দুই রাউন্ডের পরিবর্তিত সূচি জানিয়েছে তারা। সেখানেই দেখা যাচ্ছে, বিকেএসপির দুই নম্বর মাঠের পরের তিনটি ম্যাচই সরিয়ে নেয়া হয়েছে। আগামীকালই এই মাঠে হওয়ার কথা ছিল আবাহনী ও সিসিএসের ম্যাচ। এই ম্যাচটি চলে গেছে ফতুল্লায়। বিকেএসপির এই দুই নম্বর মাঠে এরপরের রাউন্ডে ১৫ তারিখ প্রাইম ব্যাংক ও কলাবাগান এবং ১৭ তারিখ আবাহনী ও প্রাইম দোলেশ্বরের খেলা ছিল। সে দুটি ম্যাচই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে পাঠিয়ে দেয়া হয়েছে। অবশ্য এর পাশাপাশি দ্বিতীয় রাউন্ডে বিকেএসপির তিন নম্বর মাঠে যথারীতি আগের সূচি অনুযায়ীই খেলা রাখা হয়েছে।