ব ই য়ে র ক থা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৭
গ্রন্থনা আজহারুল হক ফরাজী কেরানিও দৌড়ে ছিল সৈয়দ শামসুল হক প্রচ্ছদ :ধ্রুব এষ প্রকাশনায় :ইত্যাদি গ্রন্থ প্রকাশ দাম :৩২৫ টাকা মাত্র সব্যসাচী এই লেখক সাহিত্যের যেখানে হাত দিয়েছেন, সেখানেই ফলিয়েছেন সোনা। উপন্যাস তাঁর হাতে রচিত হওয়া মানে, পাঠকের নিত্যনতুন কিছু চরিত্রের সাথে পরিচিত হওয়া। তেমনি একটি উপন্যাস ‘কেরানিও দৌড়ে ছিল ’। উপন্যাসের দু-একটি লাইন পড়লেই বিষয়টা পরিষ্কার হবে—‘বাসরঘরে শুনেই আমার শরীর ঠান্ডা হয়ে যায়। নবীর শহর মদিনা! আর সেই নামে নাম যার, তার সাথে বিছানায় যাবো? যাই নাই। কেরানি আর বলতে পারে না। কেরানির ভেতরটা হাহাকার করে ওঠে। কিন্তু কেন এই হাহাকার আর মদিনারইবা কী হয়েছিল? জানতে হলে পড়ে ফেলুন বইটি! ০০০ জীবনের সাইকেল মামুনুর রশীদ প্রচ্ছদ :আকরাম রতন প্রকাশনায় :রোদেলা প্রকাশনী দাম:২০০ টাকা মাত্র ‘জীবনের সাইকেল’ খ্যাতিমান নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদের জীবনবোধ ও অভিজ্ঞতার বয়ান। নাটক তাঁর লেখার মূল ভুবন। দর্শকের সঙ্গে সেই ভাবনা আর অভিজ্ঞতা নিয়ে তাঁর পথচলা। কিন্তু নাটকে সব ভাবনা ধরা যায় না। বর্তমানের অনেক ঘটনাই তাঁকে রোমাঞ্চিত করে, ভাবায়, বেদনাক্লিষ্ট করে। সেসব রোমাঞ্চ, ভাবনা ও বেদনার বহিঃপ্রকাশ ঘটেছে এ বইয়ের নিবন্ধগুলোতে। সমাজ, রাষ্ট্র, মানুষ, সাহিত্য, সংস্কৃতি, গণমাধ্যম ইত্যাদি বিষয়ে তাঁর উপলব্ধি ব্যক্ত করেছেন এসব লেখায়। পাঠক আবিষ্কার করতে পারবেন ব্যক্তি মামুনুর রশীদকে, তাঁর বিপুল বিস্তারি নান্দনিক ভাবনাপুঞ্জকে। ০০০ মরুঝড় মোহিত কামাল প্রচ্ছদ :গুপু ত্রিবেদী প্রকাশনায় :বিদ্যাপ্রকাশ দাম :৩০০ টাকা মাত্র এ উপন্যাসের ঝড় কেবল মরুভূমির বিস্তৃত বৃত্তেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে গেছে সজল বাংলাদেশেও। সংকট আর সমূহ সমস্যার এই ঝড় বয়ে চলেছে মনের গহন প্রদেশে। উপন্যাসের মূল প্রবাহে আছে স্বদেশে রেখে যাওয়া স্বজনদের জন্য মরুশ্রমিকের বুকের প্রান্তরে রোপিত মমতার মৌলিক টান; আছে তার সংগোপন হাহাকারও। স্বামীর অনুপস্থিতিতে দেশে শ্বশুরবাড়িতে একা থাকা বউয়ের সঙ্গে শাশুড়ির দ্বন্দ্বের মনো-সামাজিক ব্যবচ্ছেদও প্রতিভাসিত ঠাস-বুনোট চরিত্রচিত্রণ আর কাহিনি-বিন্যাসের মধ্য দিয়ে। লেখকের সুন্দর কাহিনি বিন্যাসের কল্যাণে মরুঝড় উপন্যাস হয়ে উঠেছে আমাদের নিগূঢ় বাস্তবতার এমন একটি নিরেট উপাখ্যান, যা পাঠে আত্মমগ্ন না হয়ে পারা যায় না। যা কিনা আবার বাংলা সাহিত্যে মরুশ্রমিকদের নিয়ে একমাত্র উপন্যাস!