দীর্ঘ কয়েকযুগ শুধু অভিনয়ে নিবিষ্ট থেকেই কাজ করে গেছেন ইলোরা গওহর। এবারের ঈদের জন্যও একাধিক চ্যানেলে কাজ করেছেন তিনি। নিজের কাজের ফাঁকে খানিক অবসরেই আমেরিকা স্রেফ ঘুরতে গিয়েছেন। কারণ সেখানেই তার পরিবারের অধিকাংশ সদস্যদের স্থায়ী নিবাস। নিজের অভিনয়ের নেশা প্রসঙ্গে ইলোরা গওহর বলেন, ‘শুধু অভিনয়ের প্রতি নিজের নেশার টানেই এখনও ভালো চরিত্র হলে কাজ করি। সেখানে পারিশ্রমিক বা অন্য অনেক কিছু আমার কাছে ম্যাটার করে না। অনেকে পারিশ্রমিকে ঠকায়। হয়তো প্রতিবাদ জানাই। কিন্তু আমি মনে করি লজ্জাটা তারাই পায়। যেমন সম্প্রতি একটি বড় প্রোডাকশনের সিরিয়ালের কাজ করলাম। কাজ শেষে যে পারিশ্রমিকের জন্য আমাকে অনুরোধ করা হলো তাতে আমি অবাক হয়ে গেলাম। অথচ তারাই নেতা নেতৃস্থানে গিয়ে প্রফেশনালিজম নিয়ে বড় বড় কথা বলে। সম্প্রতি অনলাইন দৈনিক এবং বিভিন্ন মিডিয়ায় যা প্রকাশ হচ্ছে, তার তো কোনো কিছু মিথ্যা নয়। আমি মনে করি সত্য উঠে আসা উচিত। নতুন নতুন ছেলে মেয়েদের দেখি নাটকের ভেতরে যেমন অভিনয় করে শুটিংয়ের বাইরে তার চেয়ে ভালো অভিনয় শুরু করে। এক ধরনের মেকি আচরণ নিয়ে বসে থাকে। আমার কাছে এই ধরনের আদিখ্যেতা কখনওই ভালো লাগেনি। আমি তাই সরাসরি সব কিছুতে প্রতিবাদ করে গেছি। এ কারণে কেউ হয়তো বেশি ভালোবেসেছে। কেউ ভয়ে দূরে থেকেছে। যাদের ভেতরে মানসিক সমস্যা আছে তারাই ভয়ে দূরে থেকেছে। এই নিয়েই এই ইন্ডাস্ট্রিতে আমি আজীবন কাজ করে যেতে চাই। আমেরিকা নিজের মতো করে কিছুটা সময় কাটানোর জন্য এসেছি। খুচরো শুটিংয়ের অফার ছিল। কিন্তু মাফ চেয়েছি। বেড়াতে এসেও যদি কাজ করতে হয় তবে বেড়ানোর মানে কী। তবে দেশে ফিরেই আবারও শুটিংয়ে ব্যস্ত হয়ে যেতে হবে।’
