উত্তর কোরিয়া তাদের বন্ধ হয়ে যাওয়া প্রধান পারমাণবিক চুল্লি ইয়ংবিয়ন পুনরায় চালু করতে যাচ্ছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইউএস-কোরিয়া ইন্সটিটিউট। গত বুধবার ইন্সটিটিউটি তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
উত্তর কোরিয়ার পারমাণবিক উন্নয়ন বিষয়ে সর্বদা তদারকি করে থাকে এই প্রতিষ্ঠানটি। উপগ্রহের মাধ্যমে ছবি তুলে তাদের বিশ্লেষণে বলা হয়, বাষ্পের রং ও পরিমাণ দেখে বোঝা যায় দেশটির বন্ধ থাকা এ চুল্লিটি চালু হয়েছে অথবা খুব শীঘ্রই তার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। কোরীয় উপদ্বীপে পারমাণবিক ইস্যুতে আঞ্চলিক উত্তেজনা ও বিরোধ থাকা সত্ত্বেও গত এপ্রিলে দেশটি তাদের প্রধান এই পারমাণবিক চুল্লিটি আবারো চালু করার ঘোষণা দেয়। এ চুল্লিটিতে প্লুটোনিয়াম উত্পাদন করা হয়। মনে করা হচ্ছে এই প্লুটোনিয়াম ব্যবহার করেই পরমাণু অস্ত্র তৈরি করছে তারা।
বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়া ২০০৭ সালের মাঝামাঝি সময়ের মধ্যেই এ চুল্লি থেকে উত্পাদিত রাসায়নিক উপাদান ব্যবহার করে ৪ থেকে ১০টি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে। এরপর নিরস্ত্রীকরণের বিনিময়ে খাদ্য সহায়তা চুক্তির আওতায় চুল্লিটি বন্ধ করে দেয়া হয়। ২০০৬ এবং ২০০৯ সালের পর দেশটি তৃতীয়বারের মত পারমাণবিক বোমার পরীক্ষা চালায় গত ফেব্রুয়ারি মাসে। তবে সেগুলোতে প্লুটোনিয়াম না কি ইউরেনিয়াম ব্যবহূত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
