সিরিয়া সংকটে ৬০ লাখ মানুষ ঘরছাড়া

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৪
প্রায় ৬০ লক্ষ মানুষ সিরিয়া সংকটের কারণে ঘরছাড়া। তাদের আশ্রয় দিতে বিভিন্ন দেশকে আহ্বান জানাচ্ছেন জাতিসংঘসহ একাধিক সংগঠন। বুধবার ১০৭ জন সিরীয় শরণার্থী জার্মানিতে এসে পৌঁছেছেন। গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশ সিরিয়ার লক্ষ লক্ষ মানুষ নিজেদের ভিটে-মাটি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। জার্মানিসহ শিল্পোন্নত দেশগুলোর উপর মানবিকতার খাতিরে তাদের আশ্রয় দেবার জন্য চাপ বেড়ে চলছিল। জার্মান সরকার ৫,০০০ সিরীয় শরণার্থীকে আশ্রয় দেবার সিদ্ধান্ত নিয়েছে। বুধবারই প্রথম পর্যায়ে ১০৭ শরণার্থী হানোফার শহরে এসে পৌঁছেছেন। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হান্স পেটার ফ্রিডরিশ স্বয়ং বিমানবন্দরে বৈরুত থেকে আসা সিরীয় শরণার্থীদের স্বাগত জানান। তাদের মধ্যে প্রায় অর্ধেকই শিশু। প্রথম দুই সপ্তাহ কাছের একটি এলাকায় তাদের রাখা হবে। তারপর তাদের বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দেয়া হবে। -ডয়চে ভেলে।