লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজীতে বুধবার শক্তিশালী এক বিস্ফোরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেনগাজীতে মার্কিন কনস্যুলেট ভবনে সন্ত্রাসী হামলার প্রথম বার্ষিকীতে এ বিস্ফোরণের ঘটনা ঘটলো। ওই হামলায় রাষ্ট্রদূতসহ চার মার্কিন নাগরিক নিহত হয়েছিলেন। এ বিস্ফোরণে কেউ হতাহত হয়েছে কি-না তা জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাড়ি বোমা থেকে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
এএফপি’র এক আলোকচিত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনটির বড় অংশ বিধ্বস্ত এবং পার্শ্ববর্তী কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরের অংশবিশেষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেনগাজীতে সম্প্রতি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও বিচার বিভাগের সদস্যদের লক্ষ্য করে বেশকিছু প্রাণঘাতী হামলা হয়েছে। এ ছাড়া কূটনীতিক ও পশ্চিমা স্বার্থ জড়িত এমন প্রতিষ্ঠানকেও টার্গেট করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত হত্যাসহ এ অঞ্চলের বেশিরভাগ সহিংসতার জন্য উগ্র ইসলামপন্থীদের দায়ী করা হয়ে থাকে।
