মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীতে ৩ নভোচারী
রাশিয়ার তৈরি একটি সয়ুজ ক্যাপসুলে তিন নভোচারী পৃথিবীতে ফিরে এসেছেন। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ছয় মাসের একটি মিশন শেষে তারা বুধবার কাজাখস্তানে অবতরণ করেন। মস্কোর মিশন নিয়ন্ত্রণ কক্ষ একথা জানায়। মার্কিন নভোচারী ক্রিস কেসিডির সঙ্গে রাশিয়ার পাভেল ভিনোগ্রাদভ ও আলেকজান্ডার মিসুর্কিন স্থানীয় সময় সকাল ৮টা ৫৮ মিনিটে কাজাখে অবতরণ করেন। রাশিয়ার মিশন নিয়ন্ত্রণ কক্ষের ওয়েবসাইটে এ তিন নভোচারীর অবতরণের দৃশ্য সরাসরি দেখানো হয়। এতে উদ্ধারকর্মীদের মহাকাশ যান থেকে নভোচারীদের বের করে আনতে দেখা যায়। গত ২৯ মার্চ তারা এ মিশন শুরু করেন।— এএফপি
যুক্তরাষ্ট্রে আয় বৈষম্যের নতুন রেকর্ড
যুক্তরাষ্ট্রে এক শতাংশ শীর্ষ ধনীর সঙ্গে দেশের বাকি ৯৯ শতাংশ মানুষের আয় বৈষম্য গত বছর নতুন রেকর্ড গড়েছে। আয়কর সংক্রান্ত উপাত্ত বিশ্লেষণ করে পাওয়া গেছে এ তথ্য। এতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে মোট পারিবারিক আয়ের ১৯ দশমিক ৩ শতাংশই পেয়েছে ধনী হিসাবে গণ্য ওই এক শতাংশ মানুষ। ধনীদের আয়ের এ হার ১৯২৭ সালের রেকর্ড ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে প্রায় তিন দশক ধরেই বৈষম্য বাড়ছে। ২০১২ সালে তা আগের রেকর্ড ছাড়াল।— রয়টার্স
পুটিনকে হত্যার পরিকল্পনাকারীর
১০ বছর কারাদণ্ড
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে গুপ্ত হত্যার পরিকল্পনার দায়ে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার মস্কোর একটি আদালত এই রায় ঘোষণা করেন। সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত লিয়া পিয়ানজিন ডাকাতি, একজন সরকারি কর্মকর্তাকে হত্যা চেষ্টার পরিকল্পনা এবং অবৈধভাবে বিস্ফোরক তৈরি ও মজুদ রাখার অভিযোগে দোষীসাব্যস্ত হয়েছেন।
পিয়ানজিন রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের একটি ইসলামি বিদ্রোহী দলের নেতা ডোকু উমারোভের নির্দেশে অন্য দুই ব্যক্তিকে সঙ্গে নিয়ে পুটিনকে হত্যার পরিকল্পনা করেছিলেন।— রয়টার্স
৫.৫০ লাখ পাউন্ডে বন্ডের গাড়ি
জেমস বন্ড সিরিজের ‘দ্য স্পাই হু লাভড মি’ চলচ্চিত্রে ব্যবহূত উভয়চর গাড়িটি নিলামে ৫ লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। সোমবার লন্ডনে এই নিলাম অনুষ্ঠিত হয় বলে এনডিটিভি জানিয়েছে। ১৯৭৭ সালে রজার মুর অভিনীত বন্ড সিরিজের ওই চলচ্চিত্র পানির নিচে দৃশ্যধারণের উপযোগী করে অন্য রকমভাবে গাড়িটি তৈরি করা হয়। গাড়িটির আকৃতি অনেকটা সাদাপদ্মের মতো। চলচ্চিত্রটিতে দেখানো হয় মুর এবং বন্ডর্গাল বারবারা হেলিকপ্টার হামলা থেকে বাঁচতে ওই গাড়িতে করে সমুদ্রের নিচে চলে যায়।— রয়টার্স
