মাত্রই শেষ হলো বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন। পুরুষ এককের নতুন রাজা হয়েছেন রাফায়েল নাদাল আর মহিলা এককে নিজের সাম্রাজ্য অটুট রেখেছেন সেরেনা উইলিয়ামস। এসবই পুরনো খবর। তবে নতুন খবর হচ্ছে, টিভি রেটিঙের দিক থেকে সেরেনা-আজারেঙ্কা জুটি পেছনে ফেলেছেন নাদাল-জোকোভিচ জুটিকে। দুটি ফাইনালই সরাসরি সমপ্রচার করা টিভি চ্যানেল সিবিএস জানিয়েছে, মহিলা এককের ফাইনালের টিভি রেটিং ছিল ৪.৯। যা কিনা মহিলা এককের ফাইনালের ক্ষেত্রে গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে, পুরুষ এককের ক্ষেত্রে যেটি ছিল ২.৮! পুরুষদের সমান প্রাইজমানি চাই, মহিলা তারকাদের এমন দাবি মেনে নিয়েছেন প্রায় প্রতিটি গ্র্যান্ড স্ল্যাম আয়োজক সংস্থাই। ফলে গত কয়েক বছর ধরেই এখন দুই বিভাগের প্রাইজমানি সমান। এবার টিভি রেটিংও বলছে মহিলা টেনিসের জনপ্রিয়তার কথাই। সুতরাং, মহিলা টেনিস অতীতের যে কোন সময়ের চেয়ে জনপ্রিয় হয়ে উঠছে, এমন দাবি করতেই পারেন সেরেনা আজারেঙ্কারা।
