ইউনিস খান ৭০০০ রানের ক্লাবে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১১
পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন ব্যাটসম্যান ইউনিস খান। ক্রিকেট বিশ্বের হিসেবে তিনি হলেন এই কৃতিত্ব দেখানো ৪৩তম ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে বড় ঘরানার ক্রিকেটে ইউনিস খানের অবস্থান ছিল ৮৩ ম্যাচে ৬,৯৫২ রান। সে হিসেবে এই মাইল ফলকে পৌছাতে ৪৮ রান দরকার ছিল তার। হারারেতে অনুষ্ঠানরত দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে ব্যাটিং করতে নেমে ৭৭ রানে আউট হন ইউনিস। তার আগে পাকিস্তানের হয়ে মোহাম্মদ ইউসুফ, জাভেদ মিয়াদাদ ও ইনজামাম উল হক এই কৃতিত্ব দেখান। পাকিস্তানী ইনিংসের ৬৪তম ওভারের দ্বিতীয় বলে জিম্বাবুয়ে বোলার ব্রায়ান ভিটোরিকে স্লিপ ও গালির মাঝ দিয়ে বাউন্ডারি হাকিয়ে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ইউনিস। ওই বাউন্ডারির সাথে টেস্ট ক্যারিয়ারের ২৭তম হাফ-সেঞ্চুরির স্বাদও পান এই পাঠান। বাসস