চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি

এখনো আশাবাদী ফয়সালাবাদ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১২
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন ফয়সালাবাদ উলভস এখনো চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে পারবে বলে আশাবাদী। যদিও দলটিকে এখনো ভিসা দেয়নি ভারত। কর্মকর্তারা জানিয়েছেন এরপরও দলটি অনুশীলন চালিয়ে যাচ্ছে এবং খেলার ব্যাপারেই মনোযোগ নিবদ্ধ রাখছে। ফয়সালাবাদের দলটির ভারতের মোহালিতে ১৭ সেপ্টেম্বর প্রতিযোগিতার বাছাই পর্বে প্রথম ম্যাচটি খেলার কথা। শুধু তাই নয় ভিসা মিলবে এই আশায় জিনিসপত্র গোছাতে সময় লাগবে বলে দলটি গত বৃহস্পতিবার বিকালের জন্য নির্ধারিত অনুশীলনও বাতিল করে দেয়। কিন্তু ভারত সরকার কিংবা সেদেশের ক্রিকেট বোর্ড থেকে ভিসা দেয়ার কোন ইঙ্গিত মেলেনি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইএসপিএনক্রিকইনফোকে জানানো হয় যে ভিসা যেমন মেলেনি তেমনি এটা অগ্রাহ্যও হয়নি। এ ব্যাপারে ফয়সালাবাদ দলের ম্যানেজার হারুন রশিদ ক্রিকইনফোকে বলেন, ‘খেলোয়াড়রা পরিকল্পনা মাফিক খেলতে যাবে মনে করেই অনুশীলন করছে। ব্যাপারটা নিয়ে হয়তো অনিশ্চয়তা আছে। কিন্তু খেলোয়াড়দের বলা হয়েছে কেবল ক্রিকেটেই মনোযোগ দিতে অন্য কিছুতে নয়। আমরা কন্ডিশনিং ক্যাম্প সম্পন্ন করেছি এবং খেলোয়াড়রা নিজেদের বাক্স পেটরা গুছিয়ে নিয়ে রাতের মধ্যেই প্রস্তুতি শেষ করবে।’ শেষ পর্যন্ত ভিসা মিললে ফয়সালাবাদ হবে চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেয়া দ্বিতীয় পাকিস্তানি দল। এর আগে শিয়ালকোর্ট স্ট্যালিয়ন ২০১২ সালের আসরে অংশ নিয়েছিল। সেবার টুর্নামেন্টটি হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ভারতে ১৭ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগ টি-টুয়েন্টি টুর্নামেন্টটি শুরু হবে। ভারত সরকার শেষ পর্যন্ত পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা না দিলে পাকিস্তানের এ দলটিকে টুর্নামেন্টটিতে দেখা যাবে না। তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণাধীন এ প্রতিযোগিতার বাছাই পর্বে কেবল তিনটি দলকেই দেখা যাবে। পাকিস্তানের টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক মিসবাহ উল হক ফয়সালাবাদ উলভসের হয়ে খেলেন। ভিসা পেলে মিসবাহসহ জাতীয় দলের অপর দুই খেলোয়াড় সাইদ আজমল ও এহসান আদিল বর্তমান সিরিজ শেষে জিম্বাবুয়ে থেকে সরাসরি ভারতে পৌঁছাবেন।