স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সামনে ৭৩ রানের ‘তুচ্ছ’ লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।
দক্ষিণ আফ্রিকার সেনওয়েস পার্কের মাঠে তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। ব্যাট হাতে স্বাগতিক দলের বোলারদের সামনে সুবিধা করতে পারেননি সফরকারী বাংলাদেশ মহিলা দলের ক্রিকেটাররা। ২০ ওভার শেষে চার উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ৭২ রান। বাংলাদেশ মহিলা দলের উদ্বোধনী দুই ব্যাটসম্যান দ্রুত সাজঘরে ফিরে যাওয়ার পর লতা মন্ডল সর্বোচ্চ ৩১ এবং অধিনায়ক সালমা খাতুন ১৭ রান যোগ করেন। মিডিয়াম পেসার মোসেলাইন ড্যানিয়েলস এবং লেগ স্পিনার ডেন ভ্যান নেইকার্ক যথাক্রমে ৪ ও ১৪ রান দিয়ে একটি করে উইকেট তুলে নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যাটিংয়ে নামেনি আফ্রিকানরা।
