যুক্তরাষ্ট্রে প্রাক-স্কুল তহবিলেও কাটছাঁট

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪২
লিলির বয়স মাত্র সাড়ে তিন। কুইনসের নার্সারি স্কুলটাকে সে দারুণ ভালবাসে। তার মা তাকে ডাকে ‘দ্য স্পান্জ’। কারণ প্রতিদিনই সে বাড়ি ফিরে জ্ঞানের নতুন পিন্ডক নিয়ে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুর ভাগ্য লিলির মতো সুপ্রসন্ন নয়। ন্যাশনাল ইনস্টিটিউট ফর আর্লি এডুকেশন রিসার্চ (এনআইইইআর)-এর এক রিপোর্ট বলছে, উচ্চ শিক্ষায়তো বটেই, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে প্রাক-স্কুল তহবিলও ক্রমশ কমে যাচ্ছে। তার মানে ভবিষ্যতে সরকারি খরচে প্রারম্ভিক শিক্ষা গ্রহণের সুযোগ অনেক শিশুই পাবে না। অথচ সবাই এক বাক্যে স্বীকার করছেন যে, নিম্ন আয়ের পরিবারের সন্তানদের প্রারম্ভিক জ্ঞান প্রদান করাটা অতি জরুরি। গবেষণা করতে গিয়ে তারা ৪০টি রাজ্যের প্রাক-স্কুল তহবিল বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। এতে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য। গত চার বছর ধরে প্রত্যেকটি রাজ্যেই প্রাক-স্কুল তহবিল কর্তন করা হচ্ছে। আর এসব তথ্য জানিয়েছেন, এনআইইইআর রিপোর্টের প্রণেতা স্টিভেন বার্নেট। যুক্তরাষ্ট্রে গত বছর গড়ে প্রতিটি শিশুর পেছনে প্রাক-স্কুল শিক্ষা বাবদ খরচ ১১৪ ডলার কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ৪০২৮ মার্কিন ডলার। যা কি-না ২০০১-২০০২ অর্থবছরের তুলনায় ৭০০ ডলার কম। এখন প্রশ্ন উঠেছে, এই অপর্যাপ্ত অর্থ দরিদ্র শিশুদের শিক্ষার বিকাশে যথাযথ ভূমিকা রাখতে পারবে কি-না? অনেক রাজ্য অবশ্য উত্তীপনা অর্থ যোগ করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। এক্ষেত্রে ব্যতিক্রম কেবল তিনটি রাজ্য। কানেকটিকাট, মাইনে ও ভারমনটে প্রতিটি শিশুর শিক্ষাবাবদ খরচ বাড়িয়ে দিয়েছে ১০ শতাংশ। এর বিপরীত অবস্থা ৯টি রাজ্যে। আলবামা, অ্যারিজোনা, কানসাস, কেনটাকি, লুজিয়ানা, ম্যাসাচুসেটস, নেব্রাস্কা, ওহিহো ও সাউথ ক্যারোলিনায় প্রাক-স্কুলিংয়ে খরচ কমেছে ১০ শতাংশ। ওহিহো এক সময় প্রারম্ভিক শিক্ষায় নেতৃত্ব দিত। অথচ এখন সেখানে প্রাক-স্কুল অন্তর্ভুক্তির অবস্থা বলতে গেলে নাজুক। এর কারণ একটাই, এ বাবদ তারা ফান্ড কমিয়ে দিয়েছে অন্য যে কোনো রাজ্যের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের এডুকেশন সেক্রেটারি আর্নে ডানকান বুঝতে পারছেন যে, রাজ্যগুলো শিক্ষার পেছনে এখন খরচ করছে খুব হিসাব-নিকাশ করে। বাজেট আঁটসাঁট করাটাই স্বাভাবিক, এটি তিনি স্বীকারও করেছেন। কিন্তু যে পদ্ধতিতে প্রাক-স্কুলিংয়ের অর্থ কেটে নেয়া হচ্ছে, তাতে তিনি হতবাক। বস্তুত দীর্ঘমেয়াদী পরিকল্পনার পক্ষপাতি তিনি। দেশের ভবিষ্যত্ চিন্তা করেই প্রারম্ভিক শিক্ষাকে প্রাধান্য দিতে চান আর্নে ডানকান। আমেরিকার দশটি রাজ্য প্রি-স্কুলারদের জন্য কোনো তহবিলই সরবরাহ করে না এবং কয়েকটিতে চলছে চরম বিশৃঙ্খলা। ফ্লোরিডাতে চার বছর বয়সী সকল শিশুর জন্য প্রি-স্কুল কর্মসূচি উন্মুক্ত। কিন্তু সমস্যা হচ্ছে, সেখানে গুণগত মানের চেয়ে সংখ্যার দিকে বেশি নজর দেয়া হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে শুধুমাত্র বেবি-সিটিং। এনইইইআর-এর রিপোর্টে প্রি-স্কুলের মান উন্নত করার পরামর্শ দেয়া হয়েছে। যাতে করে শিশুরা পাঁচ বছর বয়সে কিন্ডার গার্টেনে ভর্তি হবার জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে পারে। দরিদ্র পরিবারের সন্তানদের জন্য ফেডারেল প্রি-স্কুল ফান্ডিংয়ের প্রস্তাব উপস্থাপন করেছে রিপাবলিকানরা। এ প্রস্তাবটি কংগ্রেস বিবেচনা করছে বিশেষভাবে। এডুকেশন থিংক-ট্যাংক থমাস ফোর্ডহাম ইনস্টিটিউটের উচ্চপদস্থ কর্মকর্তা চেস্টার ফিন ইউনিভার্সাল প্রি-স্কুলের ভক্ত নন। তিনি মনে করেন, এই কর্মসূচি সার্বিক হওয়া উচিত নয়। সীমিত সম্পদের কারণে বিশেষ দৃষ্টি দেয়া প্রয়োজন শুধুমাত্র অভাবী শিশুদের প্রতি। কিন্তু আর্নে ডানকান তার সঙ্গে পুরোপুরি একমত নন। তার বিশ্বাস, আমেরিকাকে প্রতিযোগিতাপূর্ণ করে রাখতে শিক্ষা, বিশেষত প্রারম্ভিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। ওইসিডি-এর একটি রিপোর্ট দেখিয়েছে, প্রতি শিশুর শিক্ষার পেছনে যুক্তরাষ্ট্র ওইসিডিভুক্ত অন্য যে কোনো দেশের চেয়ে বেশি ব্যয় করছে। কিন্তু এমন পরিস্থিতি ভবিষ্যতে হয়তো থাকবে না। হার্লেম চিলড্রেনস জোন-এর প্রধান জেফরি কানাডা বলেছেন, ‘শিক্ষার পেছনে বেশি ব্যয়ের ক্ষমতা আমরা ক্রমশই হারিয়ে ফেলছি; কিন্তু প্রারম্ভিক শিক্ষাবাবদ বিনিয়োগ বন্ধ করে দেয়ার কোনো উপায় নেই। করলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।’ জেফরি কানাডার প্রতিষ্ঠানটি ৬ মাস বয়স থকেই শিশুদের নিয়ে কাজ করে। তিনি তার কর্মসূচির নাম দিয়েছেন, ‘বেবি কলেজ’। —ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন অনুসরণে