রোবটের শক্তিশালী পেশী
সুপারম্যানের মতো রোবটের কর্মক্ষমতা বাড়াতে শক্তিশালী কৃত্রিম পেশী উন্নয়ন করেছেন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিংগাপুরের বিজ্ঞানীরা। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট গিজম্যাগ এক প্রতিবেদনে জানিয়েছে, কৃত্রিম পেশী সংযোজন করায় রোবট নিজের ওজনের চেয়ে ৮০ গুণ বেশি ওজন উঠাতে পারবে। —রয়টার্স
তেলের দেশে তেল সংকট
লিবিয়ায় একমাসের বেশি সময় ধরে তেলের সংকট চলছে। কারণ দেশটির প্রধান তেলক্ষেত্রগুলো অবরোধ করে রেখেছে সশস্ত্র কয়েকটি গ্রুপ। সীমান্তরক্ষী বাহিনী, পেট্রোলিয়াম স্থাপনা রক্ষী বর্তমান ও সাবেক কর্মীদের নিয়ে গঠিত বাহিনীর সদস্যরা অভিযোগ করছে, সরকারি কর্মকর্তারা তেল শিল্পের সম্পদ লুটপাট করছে। —বিবিসি
জিনিস হারাবে না ট্যাক্সিতে
ট্যাক্সিতে ভুল করে কিছু ফেলে আসলে সতর্ক করবে প্রোপার্টি ডিটেক্টর সিস্টেম। গাড়িতে ভুল করে কিছু ফেলে আসার প্রবণতা বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নিয়েছে টোকিওর ট্যাক্সি কোম্পানি ‘কোকুসাই মোটর কারস’। গাড়ির মধ্যে কোন যাত্রী আরোহণের পর থেকে নামা পর্যন্ত চারটি ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করা হবে। যেগুলো যাত্রীর সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ বা কোন মূল্যবান জিনিসের ট্র্যাকিং করবে। —রয়টার্স
