পুলিশের হেফাজত থেকে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার একমাত্র আসামি রবিউল ইসলাম সুমনের (২৮) পালিয়ে যাওয়ার ঘটনায় কিশোরগঞ্জ পুলিশ লাইনের এএসআই মোতালেব, কনস্টেবল মাকসুদুর রহমান ও কনস্টেবল আবদুস সবুরকে সাসপেণ্ড করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক আসামি সুমনকে ধরার জন্য পুলিশ চট্টগ্রামের জোরারগঞ্জ থানা ও সংলগ্ন এলাকাসহ সম্ভাব্য বিভিন্নস্থানে ব্যাপক অভিযান চালাচ্ছে। উল্লেখ্য, রবিউল ইসলাম সুমন ২০১১ সালের ২১ জুলাই শহরের পুরাতন কোর্ট এলাকার বাসিন্দা ব্যবসায়ী আসাদুজ্জামান টিপুর স্ত্রী সালমা আক্তার (৩০) ও তার শিশুকন্যা সাবাহকে (৪) রড দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করে। সে কুমিল্লা জেলার লাকসামের পশ্চিম ছনগাঁও গ্রামের সেলিম মিয়ার ছেলে।
