পৃথক ঘটনায় ১০ জনের মৃত্যু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩২
কক্সবাজার, ঠাকুরগাঁও, নারায়ণগঞ্জের গোপালদী বাজার, সিরাজগঞ্জের শাহজাদপুরসহ বিভিন্ন স্থানে বিদ্যুত্স্পৃষ্ট, দেয়াল ধস, পানিতে ডুবিসহ বিভিন্ন ঘটনায় ১০ জন মারা গেছেন। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার পৌর ভবনের পাশ থেকে গতকাল শুক্রবার সকালে রাসেল (২৪) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাসেলের বাড়ি হরিপুর উপজেলায়। সে দিনাজপুর সরকারি কলেজে অনার্সে অধ্যয়নরত ছিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কক্সবাজার কক্সবাজার শহরে গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে মোহাম্মদ নুর (২৮) নামের এক বিদ্যুত্ শ্রমিকের মৃত্যু হয়েছে। বাহারছড়া এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুত্ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শরীর ঝলসে গিয়ে তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) আড়াইহাজারে গত বৃহস্পতিবার বিশনন্দী মাদ্রাসায় দেয়াল ধসে সালাম (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে টেটিয়া গ্রামের আমিন উদ্দিনের ছেলে। মাদ্রাসার নির্মাণাধীন দেয়ালে পানি দেয়ার জন্য উঠলে দেয়াল ধসে নিচে পড়ে সে গুরুতর আহত হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। শাহজাদপুর (সিরাজগঞ্জ) শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি গ্রামে গত বৃহস্পতিবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে গরু ব্যবসায়ী মকবুল হোসেন বাঁশি (৬০) মারা গেছেন। সে হবিবুল্লানগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। চৌমুহনী (নোয়াখালী) বেগমগঞ্জ উপজেলার ভবভদ্রী গ্রামে গত বৃহস্পতিবার ইস্রাফিল (১০) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। জানা যায়, পিতার সাথে কাজে না যাওয়ায় ছেলেকে প্রহার করে খালে নিক্ষেপের পর আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনার পর পিতা পলাতক। ডোমার (নীলফামারী) নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ২ মাছ চাষীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, টংবান্ধা গ্রামের খলিল হোসেনের পুত্র মোঃ ইদুল হক (১৯) ও খাটুরিয়া দলুয়া গ্রামের এলহাজ্বের পুত্র এমদাদুল হক (৩৫)। সেচ পাম্প থেকে বিদ্যুত্ লাইন টেনে মাছ ধরার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সিদ্ধিরগঞ্জে মিজমিজি কান্দাপাড়ায় গত বৃহস্পতিবার সকালে শফিউল ইসলাম (৬৪) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। সে পঞ্চগড় জেলা সদরের কামারভিটার বাসিন্দা। একটি খালি ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় শফিউলকে উদ্ধার করে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত বৃহস্পতিবার বিকালে বন্যার পানিতে ডুবে সিহাব আলী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চরপাকা ম্যামপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে। কাউখালী (পিরোজপুর) পিরোজপুরের কাউখালীর জোলাগাতী নদীতে নিখোঁজ জেলে মিঠু বিশ্বাসের (২৬) লাশ উদ্ধার করেছে গত বৃহস্পতিবার এলাকাবাসী। গত বুধবার জোলাগাতি নদীতে পিতা ফোকান বিশ্বাসের সাথে মাছ ধরতে গিয়ে সে নিখোঁজ হয়।