প্রণয়নের চল্লিশ বছর পর বাংলায় অনুবাদ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ। তিন খন্ডের আদেশটির অনুলিপি আগামী সপ্তাহেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে বাংলা একাডেমী। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘ দিনের দাবি বাস্তবায়িত হচ্ছে।
১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ইংরেজি ভাষায় প্রণীত হয়। এ আদেশবলেই আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে আদেশটির প্রিন্ট বের হয়নি। অনেক শিক্ষকের কাছে এ অধ্যাদেশের অনুলিপিও নেই। এ প্রয়োজনীয়তা থেকেই অধ্যাদেশটি বাংলায় অনুবাদ এবং প্রিন্ট করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২০১০ সালে শিক্ষা মন্ত্রণালয় এ আইনসমূহ বাংলায় অনুবাদ করতে বিশ্ববিদ্যালয়কে একটি চিঠি পাঠায়। ঐ চিঠির পরিপ্রেক্ষিতে ২০১০ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৯৭৩ সালে ইংরেজিতে প্রণীত অধ্যাদেশের তিন খন্ড বাংলায় অনুবাদ করার নীতিগত সিদ্ধান্ত নেয়। একই বছরের ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এ সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করে। অনুবাদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলা একাডেমীকে চার লাখ ৫৩ হাজার ৭৩২ টাকা পরিশোধ করেছে। বাংলা একাডেমীর ভাষা ও সাহিত্য উপ-বিভাগ অধ্যাদেশটি অনুবাদের কাজ তত্ত্বাবধান করেছে। এ বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মিজানুর রহমান জানান, ২০১১ সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ অনুবাদ করার কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহের যেকোনো দিন অনূদিত আদেশের একটি কপি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হতে পারে।
