সাঁথিয়ায় যৌতুকের বলি নববধূ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৫
সাঁথিয়ার পল্লীতে যৌতুকের বলির শিকার হয়েছে নববধূ লাকি খাতুন। আত্মহত্যা করেছে মর্মে নিরক্ষর দিনমজুর লাকির পিতার নিকট থেকে পুলিশের টিপসই নেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গতবছর উপজেলার হাটবাড়িয়া মিয়াপাড়া গ্রামের দিনমজুর নুর মোহাম্মদের কন্যার সাথে একই উপজেলার চরপাকুরিয়া গ্রামের শাহেদ আলীর ছেলে শামসুল আলমের ৫০ হাজার টাকা যৌতুকের চুক্তিতে বিয়ে হয়। যৌতুকের ৪০ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি দশ হাজার টাকার জন্য শামসুল তার স্ত্রী লাকিকে বার বার চাপ সৃষ্টি ও নির্যাতন করে। নির্যাতনের মাত্রা বেড়ে গেলে নুর মোহাম্মদ তার মেয়েকে বাড়ি নিয়ে আসে। কিছুদিন পিতার বাড়িতে থাকার পর স্বামী শামসুল যৌতুকের জন্য আর নির্যাতন করবে না বলে প্রতিশ্রুতি দেয়। লাকি স্বামীর বাড়িতে গেলে গত ১ আগস্ট নুর মোহাম্মদ মোবাইল ফোনে খবর পান যে তার মেয়ে আত্মহত্যা করেছে। সাঁথিয়া থানার এসআই আইয়ুব আলী নুর মোহাম্মদকে বাদী করে লাকি আত্মহত্যা করেছে বলে কাঁঠালের পাতায় টিপসই নেয়। এ ব্যাপারে সাঁথিয়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।