ময়মনসিংহের ফুলপুর ডিগ্রি কলেজে ডিগ্রি পাস পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি কমানোর দাবিতে কলেজের প্রশাসনিক ভবনে তালা দিয়ে কলেজ কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছে ছাত্র-ছাত্রীরা। বৃহস্পতিবার আড়াইটার দিকে দিউ ফুলপুর ডিগ্রি কলেজে এই ঘটনা ঘটে। ছাত্র-ছাত্রীরা জানায়, তারা ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের বিএ, বিএসএসের কোর্সের ২০০০/২৫০০ টাকার মধ্যে কয়েকদিন যাবত্ ফরম ফিলাপের দাবি জানিয়ে আসছে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ তাদের দাবি না মেনে বোর্ডের চেয়ে দ্বিগুণ-তিনগুণ ফি ধার্য করেছে। ডিগ্রি ১ম বর্ষ ৫২১০ টাকা, ২য় বর্ষ ৫৪৫০ টাকা, ৩য় বর্ষ ৫৮৬০ ও অনিয়মিতদের ৯২০০ টাকা ধার্য করেছে। বৃহস্পতিবার ফরম পূরণের শেষদিন ছাত্র-ছাত্রীদের দাবি না মানায় তারা কলেজের প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। এতে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক ও কর্মচারিরা অবরুদ্ধ হয়ে পড়ে।
