স্প ট ফি ক্সি ং

শ্রীশান্থসহ চার ক্রিকেটার আজীবন নিষিদ্ধ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৮
সাবেক ভারতীয় টেস্ট পেসার শান্তকুমারন শ্রীশান্থ ও অংকিত চাভানকে স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত থাকায় আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই অপরাধের সাথে জড়িত থাকায় রাজস্থান রয়্যালসের আরো দুই খেলোয়াড় অমিত সিংকে পাঁচ বছর ও সিদ্ধার্থ ত্রিবেদীকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। রয়্যালসের আরেক খেলোয়াড় ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য হারমিত সিংয়ের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রবি সাওয়ানির তদন্ত কমিটি এখনো জিজ্ঞাসাবাদ পর্ব সম্পূর্ণ করতে না পারায় শাস্তি ঘোষণা করা হয়নি ক্রিকেটার অজিত চান্দিলার। শ্রীশান্থ ভারতের পক্ষে ২৭টি টেস্ট ও ৫৩টি ওয়ানডে খেলেছেন। কিন্তু ইনজুরি ও শৃংখলা বিরোধী আচরণের কারণে ২০১১ সালের শেষদিকের পর আর ভারতীয় দলে ফিরতে পারেননি বোলারটি। স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত সন্দেহে তাকে গত মে’তে গ্রেফতার করা হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএলে) ষষ্ঠ আসরে তিনটি খেলায় কত রান হজম করবেন এটা আগে থেকে ঠিক করার বিনিময়ে অর্থ গ্রহণের কারণে শাস্তি পেলেন ৩০ বছর বয়সী শ্রীশান্থ। সঙ্গে জড়িত দু’জন খেলোয়াড়ও রাজস্থান রয়্যালসের। এছাড়া ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত একই ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় সিদ্ধার্থ ত্রিবেদীকে এক বছর ও অমিত সিংকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গতকাল নয়াদিল্লি¬তে অনুষ্ঠিত বিসিসিআই’র ডিসিপ্লিনারী কমিটির সভায় ক্রিকেটারদের নিষিদ্ধ করার সিদ্ধান্তটি নেয়া হয়। দুর্নীতি বিরোধী ইউনিটের প্রধান রাবি সাওয়ানির পরামর্শের ভিত্তিতে বিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট নিরঞ্জন শাহ ও অরুন জেটলি এই খেলোয়াড়দের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেন। এই সভা চলাকালে কমিটি শ্রীশান্থ, চাভান, অমিত সিং ও হারমিত সিংয়ের সঙ্গে কথা বলে। সভাশেষে বিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শ্রীশান্থকে ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে তিনি ক্রিকেট খেলা ছাড়াও ক্রিকেটের সঙ্গে কিংবা বোর্ডের অনুমোদিত ক্রিকেট সংক্রান্ত কোন কর্মকাণ্ডেও যুক্ত হতে পারবেন না। একই শাস্তি আরোপ করা হয়েছে অংকিত চাভানের ওপরও। এর আগে পাকিস্তানের সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমেরকে স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত থাকায় বৃটেনে জেল খাটতে হয়েছে। ২০১০ সালে লন্ডনে অনুষ্ঠিত লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় স্পট ফিক্সিংয়ে জড়িত হয়েছিলেন ক্রিকেটারত্রয়।-বাসস